Travis Head
বড় ধাক্কা কমলা বাহিনীর! আইপিএলের পরের মরসুম থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড, অনিশ্চিত অন্যান্য অজি ক্রিকেটাররাও?

বড় ধাক্কা কমলা বাহিনীর! আইপিএলের পরের মরসুম থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড, অনিশ্চিত অন্যান্য অজি ক্রিকেটাররাও?

Bengal Liberty : বছর ঘুরতেই ক্রিকেটের সবচেয়ে বড় কার্নিভাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচনা হতে চলেছে। সম্ভাব্যভাবে মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল। পরের মরসুমের আগে নিজেদের শক্তিশালী করতে মরিয়া সব দলই। হার্দিক পাণ্ড্য থেকে মহম্মদ শামি, একাধিক ক্রিকেটার নতুন দলে গিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করেছেন। তবে মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড।

২০২৭ সালে আইপিএল ছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট সূচি। সেই বছরই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ক্রিকেটবিশ্বে যা অ্যাশেজ সিরিজ নামে পরিচিত। জুলাই থেকে অগস্টে জমজমাট অ্যাশেজ লড়াইয়ের পর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া। পরপর দুটি বড় ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার প্রস্তুতি এবং নিজের শারীরিক সক্ষমতা বজায় রাখতেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন হেড।

তবে হেড না থাকলে সানরাইজার্সের ওপেনিং কম্বিনেশন কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ঈশান কিষাণকে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

শুধু ট্রাভিস হেড নন, অন্যান্য অজি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। তিনিও কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াবেন? সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সব মিলিয়ে, ২০২৭ সালের আইপিএল শুরু হওয়ার আগেই অজি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।