Mohun Bagan vs SC Delhi
Mohun Bagan vs SC Delhi

১-০ গোলে পিছিয়ে থেকেও বাজিমাত মোহনবাগানের! ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল!

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে ২৩ মিনিটে মোহনবাগানের রক্ষণকে কার্যত অপ্রস্তুত করে গোল করে যায় এসসি দিল্লি। বাঁ দিক থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন লালরিনলিয়ানা হ্নামতে। এরপর গোলকিপার বিশাল কাইথকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় দিল্লি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। ফলে বিরতিতে এগিয়ে ছিল এসসি দিল্লি।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় সবুজ-মেরুনকে। একের পর এক আক্রমণে দিল্লির রক্ষণকে চাপে ফেলে দেয় তারা। অবশেষে ৫৫ মিনিটে লি এরউইনের গোলে সমতা ফেরায় মোহনবাগান। রাহুল ভেকের বাড়ানো পাস থেকে গোল করেন লি আরউইন। ১-১ গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন।

সমতা ফেরানোর পরই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় মোহনবাগান। ৫৯ মিনিটে মিগুয়েল ফিগুয়েরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দুর্দান্ত ব্যক্তিগত দক্ষতায় দিল্লির একাধিক ফুটবলারকে কাটিয়ে বক্সের মধ্যে পাস বাড়ান অভিষেক টেকচাম। সেই বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করেন মিগুয়েল ফিগেইরা। মাত্র চার মিনিটের ব্যবধানে ১-০ থেকে ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় মোহনবাগান। একদিকে লি আরউইনের সমতাসূচক গোল, অন্যদিকে মিগুয়েল ফিগেইরার দুরন্ত ফিনিশিং—দুই গোলেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে জয়ী হয় সবুজ-মেরুন। সোমবার ২৬ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এই মরসুমে প্রথমবারের জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে মোহনবাগান। পারবে কী তাঁরা জয়ের ধারা কে অব্যাহত রাখতে? সেইদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Bengal Liberty