Bengal Liberty : অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে ডিমা চা বাগানের ম্যানেজার অভিজিৎ রাহাকে গ্রেফতার করল বন দফতর। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এই চা বাগানে বেআইনিভাবে প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বন আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করেছেন।
ঘটনায় কড়া বার্তা দিয়েছেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। তাঁর দাবি, “যে গাছগুলি কাটার অনুমতি দেওয়া হয়েছিল, সেগুলি না কেটে অন্য গাছ কাটা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বেআইনি এবং অপরাধমূলক কাজ।”
বনমন্ত্রীর বক্তব্য, ডিমা চা বাগানে গাছ কাটার খবর পাওয়ার পরেই দফতরের আধিকারিকদের তদন্তে পাঠানো হয়। তদন্তে অনুমতির বাইরে গাছ কাটার বিষয়টি সামনে আসে। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও খবর
শুধু ডিমা চা বাগান নয়, রাজ্যের আরও কয়েকটি বন বিভাগের অধীন এলাকাতেও গাছ কাটার অনুমতি এবং তার যথাযথ ব্যবহার খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। তাঁর কথায়, গত ১৫ জুন পর্যন্ত বিভিন্ন বন বিভাগে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল। রায়ডাক, কুমারগ্রাম, সাতপালি ও কার্তিক-সহ সাতটি বন বিভাগের আওতায় কোথায় কোথায় গাছ কাটা হয়েছে, তা খতিয়ে দেখবে বন দফতর। অনুমতির মেয়াদ বাড়ানো হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় থাকবে।
বনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নতুন সরকার অবৈধভাবে গাছ কাটা, চোরাশিকার কিংবা বেআইনি অনুপ্রবেশ কোনওভাবেই বরদাস্ত করবে না। তাঁর কড়া হুঁশিয়ারি, বেআইনি কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিমা চা বাগানের ঘটনাকে কেন্দ্র করে এ বার রাজ্যের অন্যান্য বনাঞ্চলেও নজরদারি ও তদন্ত জোরদার করার বার্তা দিল বন দফতর।


