দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকার জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হল ১২ বছরের এক নাবালিকার বিবস্ত্র দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। মৃত নাবালিকার বাড়ি রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই রায়গঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
আরও খবর
এরই মধ্যে আব্দুলঘাটা এলাকার জঙ্গলের ভিতরে এক নাবালিকার দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যরা। তাঁরা দেহটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে ইতিমধ্যেই পচন ধরেছিল।
মৃতার বাবা জানান, মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁর মেয়ে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর থেকে মেয়ের দেহ উদ্ধার হয়। তাঁর অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।


