Bengal Liberty: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারচক্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল বিএসএফ ও পুলিশ। গরু ও মাদক পাচারের অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী গ্রাম থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে রঘুনাথগঞ্জের রায়চক বোলতলা গ্রামে বিএসএফ ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর দু’জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের শারীরিক পরীক্ষার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইমদাদুল শেখ ওরফে এমজা এবং মতি শেখ। দু’জনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়চক বোলতলা গ্রামে। বিএসএফ ও পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় সক্রিয় একটি পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিলেন ওই দুই যুবক। অভিযোগ, গরু পাচারের পাশাপাশি ফেনসিডিল-সহ বিভিন্ন ধরনের মাদক এবং নিষিদ্ধ সামগ্রী বাংলাদেশে পাচারের কারবারেও তাঁদের যোগ রয়েছে। বেশ কিছুদিন ধরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সূত্র ধরেই সোমবার রাতে এই অভিযান চালানো হয়।
তবে পুলিশের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ধৃতদের পরিবার। পরিবারের সদস্যদের দাবি, ইমদাদুল ও মতি দু’জনেই পেশায় রাজমিস্ত্রি। দিনমজুরির কাজ করেই তাঁদের সংসার চলে। কোনও পাচারচক্রের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। ভিত্তিহীন অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে বলেও দাবি পরিবারের।
আরও খবর
অন্যদিকে, সীমান্তবর্তী এলাকায় বারবার পাচারের অভিযোগ এবং গ্রেফতারির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর রঘুনাথগঞ্জের সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি ও টহলদারি বাড়িয়েছে পুলিশ ও বিএসএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের পিছনে কোনও বড় আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই কারবারের সঙ্গে স্থানীয় আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


