Bengal Liberty: অবৈধ সুপারি পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল আলিপুরদুয়ার জেলা পুলিশ। ফালাকাটার একাধিক গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২০০ কেজি সুপারি। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ। ধৃতদের নাম বাকুল সাহা ও সুজন বর্মণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটার একাধিক গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ সুপারি উদ্ধার হয়। উদ্ধার হওয়া সুপারির বড় অংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি পুলিশের। এই সুপারি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, সেই বিষয়টিও জানার চেষ্টা করছে পুলিশ।
অবৈধ পাচার ও চোরাচালানের বিরুদ্ধে রাজ্যজুড়ে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পোস্ট করে ফালাকাটায় পুলিশের এই অভিযানের প্রশংসাও করেছেন। তাঁর বার্তা, ‘বেআইনি কারবার, চোরাচালান এবং অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই ধরনের অপরাধে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।’
আরও খবর
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রুখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। ফালাকাটায় বিপুল পরিমাণ সুপারি উদ্ধারের ঘটনায় পাচার চক্রের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারের পিছনে থাকা আরও ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।


