Bengal Liberty
ফারাক্কার কাছে রেললাইনে ভূমিধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল (Siliguri Bus Service)। কলকাতা, মালদহ ও শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর। আজ সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু হচ্ছে। প্রথম পর্যায়ে ৪০টি অতিরিক্ত বাসের ব্যবস্থা হয়েছে। পরিস্থিতি ও যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও বাস নামানো হতে পারে।

ব্যাহত ট্রেন চলাচল Siliguri Bus Service
পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা–শিলিগুড়ি রুটে আজ ২৩টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। পাশাপাশি মালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি নিয়মিত বাস পরিষেবা সম্প্রসারিত করা হয়েছে। গত রাতেও কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছিল। অন্যদিকে, শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আজ মোট ১৮টি বাস চলাচল করছে। এর মধ্যে ১২টি অতিরিক্ত বাস। এছাড়াও দুর্গাপুর–বালুরঘাট রুটে ২টি, কলকাতা–বালুরঘাট রুটে ২টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। মালদহ–কলকাতা রুটেও ৫টি বাস পরিষেবা রাখা হয়েছে।
আরও খবর

উত্তরবঙ্গমুখী যাত্রীদের সুবিধার জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির NGP বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ সন্ধ্যার বাস পরিষেবাও চালু করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত বাস চালানোর জন্য NBSTC এবং SBSTC-এর ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যাত্রী পরিবহণের সচল রাখতে বেসরকারি বাসও জরুরি ভিত্তিতে রিকুইজিশন করা হতে পারে।
পাশাপাশি, যাত্রীদের কাছ থেকে যাতে কোনওভাবেই বাড়তি ভাড়া নেওয়া না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাশাসকদের বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহণ দফতর জানিয়েছে, ফারাক্কার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে যাত্রীদের যে সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত কমাতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে আজ সন্ধ্যা ৭টায় অতিরিক্ত বাস পরিষেবার সূচনায় উপস্থিত থাকবেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।


