Bengal Liberty:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং দু’টি ক্রেডিট কার্ড ব্লক করার ঘটনায় ব্যাঙ্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট (Abhishek Banerjee)। KYC করানোর জন্য কেন অভিষেককে ব্যাঙ্কে গিয়ে হাজির হতে হবে, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি কৃষ্ণ রাও। একই সঙ্গে KYC-এর জন্য অভিষেককে ব্যাঙ্কের পাঠানো চিঠির ভাষা নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত।
বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতেই অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেলের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দু’টি ক্রেডিট কার্ডও ব্লক করা হয়েছে। অথচ এ বিষয়ে অভিষেককে আগে থেকে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি। আইনজীবী আরও জানান, বিষয়টি নিয়ে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে KYC করানোর কথা বলা হয়। অথচ অভিষেকের KYC-এর মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। ফলে নতুন করে KYC করানোর প্রয়োজন কেন হল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

KYC নিয়ে আদালতের প্রশ্ন
অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পরই ব্যাঙ্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, ‘‘এখন অনলাইনেই KYC হয়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও অনলাইনে এই প্রক্রিয়া হচ্ছে। অভিষেকের ক্ষেত্রে কেন KYC-এর জন্য ডেকে পাঠানো হল? মনে হয়, ব্যাঙ্ক তাঁর মুখ দেখতে চাইছে!’’
আরও খবর
KYC করানোর জন্য অভিষেককে ব্যাঙ্ক যে চিঠি পাঠিয়েছিল, তার ভাষা নিয়েও আপত্তি জানায় আদালত। বিচারপতি প্রশ্ন করেন, ‘‘এক জন গ্রাহককে এই ভাষায় চিঠি পাঠাতে পারে ব্যাঙ্ক?’’ এরপরই ব্যাঙ্ককে দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অতিরিক্ত সময় দেওয়া হবে না।
ব্যাঙ্কের আইনজীবী জানান, ব্যাঙ্কের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। সেই কারণেই অভিষেককে KYC-এর জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে সেই কারণ প্রকাশ্যে জানানো সম্ভব নয়। জবাবে বিচারপতি বলেন, ‘‘অভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে। কিন্তু একজন গ্রাহককে না জানিয়ে কী ভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন?’’

ম্যানেজার তলবের হুঁশিয়ারি
ব্যাঙ্কের আইনজীবীর দাবি, অভিষেকের নাম, ফোন নম্বর এবং অন্যান্য নথির সঙ্গে ইডির একটি মামলা জড়িত রয়েছে। সেই কারণে সব তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয় এবং KYC করা প্রয়োজন।
এই বক্তব্যের পর ব্যাঙ্কের অবস্থান নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি বলেন, ‘‘প্রথমে বলেছিলেন KYC-এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এখন বলছেন ইডির মামলার জন্য!’’ নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়ে বিচারপতি সতর্ক করেন, ‘‘নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না। প্রয়োজন হলে ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করতে বাধ্য হব। দ্রুত সমস্যার সমাধান করুন। অনলাইনেও KYC করা যায়।’’

এর পর ব্যাঙ্কের আইনজীবী দুপুর ১২টায় মামলাটি ফের শুনানির জন্য রাখার আবেদন জানান। তিনি বলেন, ওই সময়ের মধ্যে ব্যাঙ্কের অবস্থান আরও স্পষ্ট করা সম্ভব হবে। প্রয়োজনে ব্যাঙ্কের কোনও কর্মী অভিষেকের বাড়িতে গিয়ে KYC করে আসতে পারেন বলেও আদালতকে জানান তিনি।

তবে সেই প্রস্তাবেও বিশেষ গুরুত্ব না দিয়ে বিচারপতি ব্যাঙ্ককে সুনির্দিষ্ট অবস্থান জানাতে বলেন। KYC-এর জন্য ঠিক কী কী নথি প্রয়োজন, তাও দুপুর ১২টার মধ্যে জানাতে নির্দেশ দেয় আদালত। অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং দু’টি ক্রেডিট কার্ড ব্লক করার ঘটনায় ব্যাঙ্কের ব্যাখ্যা নিয়ে এ দিনের শুনানিতে একাধিক প্রশ্ন ওঠে। আদালতের একের পর এক প্রশ্নে ব্যাঙ্কের অবস্থান নিয়েও তৈরি হয় জটিলতা। ফলে মামলাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


