Bengal Liberty : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কলকাতা পুরসভা ও পুলিশের অভিযান ঘিরে বৃহস্পতিবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়ায় (Derek O’Brien )। তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলতে গিয়ে পুরকর্মী, পুলিশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে দীর্ঘক্ষণ বচসা ও ধস্তাধস্তি হয়। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, স্বাক্ষরবিহীন ও ভুলে ভরা পুরসভার নোটিসের ভিত্তিতে পুলিশ আইনবহির্ভূত ভাবে দফতরের ভবনে ঢুকে পড়ে। তাঁর আরও অভিযোগ, তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় কর্মী এবং তাঁর উপর ‘তাণ্ডব’ চালানো হয়। সাংসদদের উপরও পুলিশি অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পুরো ঘটনার ‘ঘণ্টার পর ঘণ্টার ভিডিও প্রমাণ’ রয়েছে বলেও দাবি ডেরেকের (Derek O’Brien)।

ডেরেকের অভিযোগ (Derek O’Brien)
ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য অনুযায়ী, কলকাতা পুরসভার তরফে যে নোটিসের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে, সেটি স্বাক্ষরবিহীন, অসম্পূর্ণ এবং একাধিক ভুলে ভরা। তাঁর অভিযোগ, সেই নোটিসকে হাতিয়ার করেই পুলিশ তৃণমূলের দফতর থাকা ভবনে আইনবহির্ভূত ভাবে প্রবেশ করে। এরপর দীর্ঘ সময় ধরে পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে দাবি তাঁর। ডেরেকের আরও অভিযোগ, এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের সহকর্মী এবং তাঁকেও পুলিশের ‘অত্যাচারের’ মুখে পড়তে হয়েছে। এমনকি সাংসদদের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করেছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, পুরো ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে এবং সেই ফুটেজেই পুলিশের ভূমিকার ‘প্রমাণ’ মিলবে। ঘটনার পরও তৃণমূল কোনও ভাবেই পিছিয়ে যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেরেক। তাঁর কথায়, “আমরা মাথা নত করব না।”

বিলবোর্ড খুলতে গিয়ে বচসা, ধস্তাধস্তি (Derek O’Brien)
অভিযোগ, ক্যামাক স্ট্রিটের ওই দফতরের ভবনে অনুমতি ছাড়াই তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড লাগানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশকর্মীরা। তবে বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো হয়েছিল-এই অভিযোগ মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুর আধিকারিক ও পুলিশের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দফতরের ভিতরে ঢোকার সময় থেকেই পুলিশ ও পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরে তাঁরা ভিতরে ঢুকলেও ছাদে থাকা বিলবোর্ড খুলতে গিয়ে ফের বাধার মুখে পড়েন। সিঁড়ির পথ আটকে অভিষেক ও তাঁর অনুগামীরা দাঁড়িয়ে থাকায় সেখানে দীর্ঘক্ষণ বচসা ও ধস্তাধস্তি চলে। সেই সময় সিঁড়িতে পড়ে যান ডেরেক ও’ব্রায়েন বলে জানা গিয়েছে।
আরও খবর

পরিস্থিতি নিয়ন্ত্রণে দফতরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা বাড়তে থাকায় আরও বাহিনী আনা হয়। একসময় হেলমেট পরে পুলিশকর্মীরা দফতরের ভিতরে ঢুকে ছাদে পৌঁছন। সেখানে বিলবোর্ড লাগানো অংশের তালা ভেঙে প্রথমে তৃণমূলের নাম লেখা ব্যানার খুলে ফেলা হয়। এরপর পুরো বিলবোর্ডটিও খুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দফতরের ভিতরে স্লোগান, বচসা এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশকর্মীদের সঙ্গে কয়েক জনের হাতাহাতিও হয়েছে বলে অভিযোগ। পরে কয়েক জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক (Derek O’Brien)
এদিকে, বিলবোর্ড খুলে ফেলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী অর্ক নাগ দ্রুত শুনানির আবেদন জানালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ শুক্রবার বিষয়টি মেনশন করার অনুমতি দিয়েছে। ফলে একদিকে ক্যামাক স্ট্রিটের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, অন্যদিকে বিলবোর্ড বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/27/nepal-flood-8/


