Farakka
Farakka

Farakka Landslide: ফরাক্কায় ভূমিধস! বিকল্প রুটে চালানো হচ্ছে একাধিক ট্রেন

Bengal Liberty

ভূমিধসের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। ৪ সেপ্টেম্বর যাত্রা শুরুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে (Farakka Landslide)। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হয়েছে। বেশিরভাগ ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

বিপর্যস্ত রেল পরিষেবা

শুক্রবার মালদহ ডিভিশনে ফরাক্কায় ভূমিধসের কারণে একাধিক ট্রেন বাতিল। তার মধ্যে রয়েছে হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, হাওড়া–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং মালদহ টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এছাড়াও হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ–সাহারসা হাটেবাজার এক্সপ্রেস, শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা–জোগবানি এক্সপ্রেস, হাওড়া–কাটিহার এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

তবে সময় এগোনোর সঙ্গে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া–ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনগুলোর পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বিকল্প রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, অরণাই এক্সপ্রেস, ডিব্রুগড়–কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি এক্সপ্রেসকে নলহাটি–আজিমগঞ্জ–জঙ্গিপুর রোড–নিউ ফরাক্কা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে কিছু ট্রেনের রুট বদল করে চালানো শুরু করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসকে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল হয়ে চালানো হবে। পাশাপাশি আরও কয়েকটি ট্রেনকে কাটিহার–মুঙ্গের–কিউল রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু বাতিল বা ডাইভারশন নয়, কিছু ট্রেনের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। মালদহ টাউন–পাটনা এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। কিউল–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জে যাত্রা শেষ করবে আবার মালদহ টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস ৫ সেপ্টেম্বর সাহিবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ট্রেনের সময়সূচি ও পরিষেবার পরিবর্তন সম্পর্কে সঠিক খোঁজ নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বাড়ছে বাসের চাপ

উল্লেখ্য, ট্রেন বাতিলের দুর্ভোগে যাত্রীদের মাথায় বাজ পড়ছে বাসের টিকিট কিনতে গিয়ে। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট। ট্রেনের ভরসায় না থেকে বাস বেছে নিচ্ছে নিরুপায় যাত্রীরা। পরিবহন দফতর সূত্রে খবর, ট্রেনের দুর্ভোগ এড়াতে বাড়ানো হয়েছে বাস পরিষেবা। চালু হবে অতিরিক্ত বাস। পরিস্থিতি কখন স্বাভাবিক হয়, সেদিকের নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury