Bengal Liberty
ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও মাথাচাড়া দিল সোনা পাচার চক্র (India Bangladesh Border)। তবে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতায় ভেস্তে গেল বিপুল অঙ্কের সোনা পাচারের ছক। নদিয়া জেলার বানপুর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করলেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে এক মহিলাকে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

বিএসএফের জালে মহিলা
সীমান্ত পার করে বিশাল পরিমাণ সোনা পাচার হতে পারে— আগেই এমন গোপন খবর পৌঁছেছিল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই বানপুর এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেন জওয়ানরা। সীমান্ত ঘেঁষা একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ ওঁৎ পেতে থাকার পর সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় এক মহিলাকে। গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় তড়িঘড়ি তাঁকে ঘিরে ফেলে বিএসএফ। পরবর্তীতে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই জওয়ানদের চোখ কপালে ওঠে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা। আন্তর্জাতিক বাজারে যার মূল্য সাড়ে ২৪ কোটি টাকা । পাচারের উদ্দেশ্যেই যে সোনা সীমান্ত এলাকায় আনা হয়েছিল, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা। ঘটনার পরই উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক মহিলাকে বিএসএফের হেফাজতে নিয়ে আসা হয়।
আরও খবর

সীমান্তে সোনা পাচারের নেপথ্যে কোন আন্তর্দেশীয় চক্র সক্রিয়, তার মূল শিকড়ে পৌঁছতে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী। ধৃত মহিলাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বিএসএফ আধিকারিকরা। সোনা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সীমানা পেরিয়ে তা ঠিক কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এই বিশাল কারবারের সঙ্গে আর কারা যুক্ত— সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে নজরদারি আরও কড়া করেছে বিএসএফ। তদন্তকারীদের মতে, এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ফলে অঞ্চলের অন্যতম বড় একটি আন্তর্জাতিক পাচার চক্রের পর্দা ফাঁস হতে পারে।


