Bengal Liberty
অবশেষে জামিন পেলেন তরুণ সিপিএম নেতা লাহেক আলি (Lahek Ali)। বারুইপুরের সূর্যপুরকাণ্ডে গ্রেফতার লাহেকের জামিন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।

বারুইপুরকাণ্ডে গ্রেফতার Lahek Ali
গত জুলাইয়ে বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে লাহেক গ্রেফতার হয়। পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে উস্কানি ও গন্ডগোল, পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে চারটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। প্রায় ৫০ দিন ধরে জেলে ছিলেন তিনি। সম্প্রতি লাহেকের মা গুরুতর অসুস্থ হয়ে নরেন্দ্রপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। মায়ের পাশে থাকার জন্যই হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়েছিল।
আরও খবর
জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত। আপাতত এলাকার বাইরে যেতে পারবেন না লাহেক। বারুইপুর থানার তরফে তলব করা হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে। লাহেকের জামিনের পর বাম নেত্রী দীপ্সিতা ধর দাবি করেছেন, প্রকৃত দোষীরা এখনও ধরা পড়েনি।
সুজন চক্রবর্তীর দাবি
লাহেকের জামিন প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মিথ্যার বেড়াজাল ভেঙে জামিন পেলেন লাহেক আলি। মামলা সাজিয়ে ফাঁসানো হয়েছিল, রাতের অন্ধকারে এনকাউন্টারের নামে সাক্ষী লোপাট হয়েছে, ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছিল। কিন্তু ভয় পাননি লাহেক। ঋজু হয়ে লড়েছেন। কারণ, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া। ভয় পেতে হচ্ছে সরকারকে। নানা দিক থেকে সেই সঙ্কেত দেখা যাচ্ছে।”


