Bengal Liberty: দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান। ২০১০ সালের একটি চাঞ্চল্যকর খুনের মামলায় বাঁকুড়ার তালড্যাংরার প্রাক্তন বাম বিধায়ক মনোরঞ্জন পাত্রসহ তিনজনকে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের রায়ে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র এবং অপর দুই অভিযুক্ত সিপিএম নেতা জিতেন পাত্র ও আজবাহার খাঁ। এই রায় আসার পর স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে অভিযুক্তদের পরিবারে।
মামলার প্রেক্ষাপট (Manaranjan Patra)
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ জুন রাতে বাঁকুড়ার তালড্যাংরা থানার রাজপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন স্থানীয় তৃণমূল কর্মী মদন খাঁ। পরদিন, অর্থাৎ ৩০ জুন মৃত তৃণমূল কর্মীর ছেলে ইসমাইল খাঁ তালড্যাংরা থানায় তৎকালীন বিধায়ক মনোরঞ্জন পাত্র, সিপিএমের সাবড়াকোন লোকাল কমিটির সম্পাদক জিতেন পাত্র এবং রাজপুর শাখা সম্পাদক আজবাহার খাঁ সহ মোট ২১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

আইনি লড়াই ও কারাবাস (Manaranjan Patra)
২০১১ সালের বিধানসভা নির্বাচনে তালড্যাংরা কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন মনোরঞ্জন পাত্র। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, ২০১২ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালতের নির্দেশে দমদম ও মেদিনীপুর সেন্ট্রাল জেলে মোট ৭৫ দিন কাটিয়ে পরে জামিনে মুক্ত হন তিনি। এরপর থেকে বারাসতের বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলতে থাকে। এর মাঝে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন মনোরঞ্জন পাত্র।
আরও খবর
অবশেষে, ২০২২ সালের ২২ ডিসেম্বর তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বারাসতের বিধায়ক-সাংসদ আদালত তৎকালীন বিধায়ক মনোরঞ্জন পাত্র, জিতেন পাত্র ও আজবাহার খাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। রায় ঘোষণার দিনই তাঁদের হেফাজতে নেয় আদালত। আলিপুর ও পরে বর্ধমান জেলে বন্দি থাকেন তাঁরা।
নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। ১৩ মাস কারাবাসের পর হাইকোর্ট প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের জামিন মঞ্জুর করলেও অপর দুই অভিযুক্তের ক্ষেত্রে তা হয়নি, ফলে তাঁরা এতদিন কারাবাসেই ছিলেন।

বর্তমান পরিস্থিতি (Manaranjan Patra)
শুক্রবার কলকাতা হাইকোর্ট এই মামলায় চূড়ান্ত রায় দিয়ে তিন অভিযুক্তকেই বেকসুর বলে ঘোষণা করে। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ের পর প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র নিজে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে অপর দুই অভিযুক্তের পরিবার সূত্রে জানানো হয়েছে, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই আগামী সপ্তাহের শুরুতেই তাঁদের কারামুক্তির আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/14/independence-day-3/


