Bengal Liberty
নিউ জলপাইগুড়ি স্টেশনে চার রোহিঙ্গাকে আটক করল রেল পুলিশ (New Jalpaiguri News)। অভিযোগ, গত ১৯ অগস্ট তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে গুয়াহাটি থেকে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে ট্রেনে চেপে যাওয়ার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। এরপরই তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজন ২০১৭ সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে ছিলেন।

NJP-তে ৪ রোহিঙ্গা আটক
অভিযোগ, গত ১৯ অগস্ট তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরদিন, ২০ অগস্ট, গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে ২২৫০৪ ডাউন ট্রেনে ওঠেন। পরে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিআরপি তাঁদের আটক করে। ধৃতদের নাম এনামুল হোসেন, নূর কাহিমা, এনায়েত উল্লাহ এবং জাইনু বিবি।
আরও খবর

চারজন কীভাবে ভারতে প্রবেশ করলেন, কীভাবে তাঁরা গুয়াহাটি পৌঁছলেন এবং অন্ধ্রপ্রদেশের কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের সঙ্গে কোনও দালাল বা চক্রের যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। জিআরপি এসআরপি ইন্দ্রবদন ঝাঁ বলেন, ‘‘চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, সেটাই গ্রহণ করা হবে।’’

উল্লেখ্য, এই ঘটনার সময়ই উত্তরবঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এসএসবি ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে গিয়ে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর। সীমান্ত নিরাপত্তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি। এরপর কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন এবং জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সফরের পরবর্তী পর্যায়ে পাহাড়ের সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। গোর্খাদের দীর্ঘদিনের রাজনৈতিক দাবি এবং স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। এই পরিস্থিতিতে ধৃতদের ভারতে প্রবেশের নেপথ্যে কোনও চক্র বা যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


