Bengal Liberty
ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় জড়িত সুপারি কিলার কলেবর সিংয়ের (৫৮) মৃত্যু হল (Purulia News)। অসুস্থতাজনিত কারণে আজ সকালে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ দেহের সুরতহাল করানো হয়েছে আগামীকাল দেহের ময়না তদন্ত করা হবে। তারপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিচার চলাকালীনই প্রাণ হারাল সুপারি কিলার Purulia News
গ্রেফতার হওয়ার পর থেকেই কলেবর সিং এর ঠাই হয়েছিল পুরুলিয়া জেলা সংশোধনাগারে। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ প্রায় চার মাস ধরে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। উল্লেখ্য, গত ২০২২ সালে ১৩ই মার্চ বন্ধুদের সাথে পায়চারি করতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন ঝালদা শহরের ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। যার জেরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ঘটনায় প্রথমে রাজ্যের তৈরি করা সিট ও পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। রাজ্যের তৈরি করা সিটের হাতেই গ্রেফতার হন ঝাড়খণ্ডের বোকারো জেলার জরিডি থানা এলাকার গাইচাঁদ গ্রামের বাসিন্দা এই কলেবর সিং। সিবিআই তদন্ত করার পর ২০২২সালের জুন মাসে আদালতে চার্জশিট জমা করে। সেখানে ৫জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। দীপক কান্দু, কলেবর সিং,নরেন কান্দু,মহম্মদ আশিক ও সত্যবান প্রামানিক। এই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় ২ জন অভিযুক্তের মৃত্যু হল।

এর আগে মারা যান সত্যবান প্রামাণিক। ২০২৩ সালের ১২ই নভেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি।নরেন ও দীপক কান্দু হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন। কলেবরের স্ত্রী প্রতিমা দেবী এদিন বলেন, ” দীর্ঘদিন ধরে স্বামী অসুস্থ ছিলেন। একাধিক হাসপাতালেও তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। স্বামী খুন করেছিলেন কিনা তাও জানিনা। তবে কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। ” স্বামীর জামিনের জন্য আবেদন জানানো হলেও জামিন মঞ্জুর হয়নি বলেও জানান তিনি।


