Bengal Liberty
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনাকে চিঠি দিয়ে হুমকি। চিঠিতে খতম করার হুমকি রয়েছে (Sourav Ganguly)। অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো ওই চিঠিতে সৌরভ ও তাঁর পরিবারকে হুমকি দিয়েছে বলে অভিযোগ। কুরিয়ারে আসা খামের উপর একটি মোবাইল নম্বর দেওয়া ছিল। নম্বর বিশ্লেষণ করে তথ্য অনুযায়ী, ওই নম্বরটির নাম ‘অরুণ কুমার’ নামক এক ব্যক্তির। চিঠিটি ইংরেজিতে লেখা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।


কুরিয়ারে হুমকি চিঠি
পরিবার সূত্রে খবর , প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। অতি-উৎসাহী অনুরাগীর কাণ্ড বলে মনে করা হয়েছিল। তবে সোমবার ফের একটি চিঠি আসার পর সৌরভের অফিসে সেটি খুলে পড়তেই বিষয়টি গুরুতর বলে জানা যায়। সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বেলঘরিয়ায় থাকেন বলে জানা গিয়েছে। পুরো চিঠিটিই ইংরেজিতে লেখা। সেখানে অত্যন্ত কড়া ভাষায় সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বার এই ধরনের চিঠি আসায় উদ্বেগ তৈরি হয়েছে গাঙ্গুলি পরিবারে। এরপরই সৌরভের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন অধিনায়কের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর
সূত্রের খবর, বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামে এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলি সৌরভের ঠিকানায় পাঠিয়েছিল। চিঠিতে থাকা একটি ফোন নম্বর থেকেই ওই ব্যক্তির নামের হদিশ মেলে। ‘ট্রু কলার’-এ নম্বরটি যাচাই করলে অরুণ কুমারের নাম সামনে আসে। তবে চিঠি পাঠানোর ঘটনায় সত্যিই ওই ব্যক্তির কোনও যোগ রয়েছে কি না, নাকি তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ এই কাজ করছে—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার দিকেও নজরদারি চালানো হচ্ছে।


