Bengal Liberty
কোটি কোটি টাকার সম্পত্তি, বিপুল পরিমাণ সোনা ও আর্থিক লেনদেন ঘিরে তদন্তের মধ্যেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের ‘পাথর মাফিয়া’ টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশিকা। এবার সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন টুলুর আইনজীবীরা।

হাইকোর্টে টুলু মণ্ডল
মামলাটির জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা। দুপুর ২টো নাগাদ টুলু মণ্ডলের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি চন্দ। টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিসও জারি হয়েছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই টুলুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছে। বিপুল সম্পত্তি, নগদ অর্থ এবং সোনার হদিস মেলার পর তদন্ত আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, বীরভূমের সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার সকালে নোটিস দেওয়া হয়। নোটিসে তাকে শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিউড়ি আদালতে হাজির হতে বলা হয়েছে। এর আগে বুধবার পাথর খাদান এলাকাতেও টুলুর আদালতে হাজিরার বিষয়ে মাইকিং করে জানানো হয়েছিল। সূত্রের খবর, এখনও পর্যন্ত টুলু মণ্ডলের কোনও সন্ধান মেলেনি। তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে তদন্তকারীদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির পর থেকেই বিভিন্ন জায়গায় নোটিস লাগানো এবং প্রকাশ্যে ঘোষণা করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলুর আবেদন ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের চাপ, সম্পত্তি নিয়ে একের পর এক পদক্ষেপ এবং আদালতে হাজিরার নির্দেশের মধ্যেই এবার আইনি লড়াইয়ে পাল্টা চ্যালেঞ্জ জানালেন বীরভূমের টুলু মন্ডল।


