Morocco
Bengal liberty: আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করা প্রথম আফ্রিকান দেশ হল মরক্কো। শুক্রবার রাতে রাবাতে নিগারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তারা গ্রুপ শীর্ষে থেকে টিকিট কনফার্ম করেছে।
ইসমায়েল সাইবারির জোড়া গোলের পাশাপাশি আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি একটি করে গোল করেন। টানা ছয় ম্যাচ জিতে তারা আফ্রিকার নয়টি বাছাই গ্রুপের মধ্যে একমাত্র দল যারা শতভাগ জয় ধরে রেখেছে।
গ্রুপ ই-তে তানজানিয়ারই কেবল মরক্কোকে ধরার সুযোগ ছিল। কিন্তু কঙ্গোর মাঠে ১-১ গোলে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়াল ১০, আর মরক্কোর ঝুলিতে ১৮। ফলে বিশ্বকাপের টিকিট পাকা হলো সাইবারিরা। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল মরক্কো।

এদিন মহাদেশজুড়ে ১৪টি বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়। কায়রোতে ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এ-তে শীর্ষে অবস্থান আরও মজবুত করল মিশর। মোহাম্মদ সালাহ পেলেন পেনাল্টি থেকে নিজের সপ্তম গোল, এরপর ওমর মারমুশও স্পট কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান। এখনও তিন ম্যাচ বাকি থাকতেই ৫ পয়েন্টে এগিয়ে গেল তারা। অন্যদিকে বুরকিনা ফাসো ৬-০ গোলে জিবুতিকে হারায়।
আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১-০ গোলে বুরুন্ডিকে হারিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে ফেরে। ম্যাচের তৃতীয় মিনিটেই ভাকুন বায়ো গোল করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।
গ্রুপ বি-তে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও সেনেগালের মধ্যে মাত্র এক পয়েন্ট ব্যবধান। দক্ষিণ সুদানের বিপক্ষে কঙ্গো ৪-১ ব্যবধানে জেতে সেদ্রিক বাকাম্বুর জোড়া গোল আর ওয়িসার এক গোলের সুবাদে। অন্যদিকে সেনেগাল ২-০ গোলে হারায় সুদানকে— অধিনায়ক কালিদু কুলিবালি ও পাপে মাতার সারর গোল করেন। মঙ্গলবার কিনশাসায় মুখোমুখি হচ্ছে দুই দল।
গ্রুপ সি-তে দক্ষিণ আফ্রিকা ৩-০ গোলে লেসোথোকে হারিয়ে শীর্ষে আছে ৫ পয়েন্টের ব্যবধানে। বার্নলির স্ট্রাইকার লাইল ফস্টারও গোল পান এ ম্যাচে। অন্যদিকে বেনিন ১-০ গোলে জিম্বাবোয়েকে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে সংগ্রামরত নাইজেরিয়ার এখনও শীর্ষে ওঠার আশা বেঁচে আছে। তবে এজন্য শনিবার ঘরের মাঠে রুয়ান্ডাকে এবং মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে তাদের।
