Mamata Banerjee's letter to Gyanesh Kumar
Bengal Liberty: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার কাজ বন্ধ করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি অভিযোগ করে লেখেন, যে এই প্রক্রিয়া নাগরিক সমাজের জন্য বিপজ্জনক, প্রচুর জটিলতা রয়েছে, রাজ্যের ওপর এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। যার ফলে প্রশাসনিক মহলে অস্থিরতা তৈরি হয়েছে এবং ভোটার তালিকার নির্ভুলতা প্রশ্নের মুখে।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বুথ লেভেল অফিসারদের (BLO) উপর অযৌক্তিক মানসিক চাপ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “অনেক BLO-কে ভুল বা অসম্পূর্ণ তথ্য জমা দিতে বাধ্য করা হচ্ছে। এতে প্রকৃত ভোটাররা বঞ্চিত হওয়ার সম্ভবনা প্রবল।” তাঁর আরও সংযোজন, রাজ্যের CEO অফিস থেকে BLO-দের ভয় দেখানো হচ্ছে। যথাযথ প্রশিক্ষণ বা সময়সীমা না বাড়িয়ে, BLO-দের শো-কজ নোটিস দেওয়া হচ্ছে।
মমতা ব্যানার্জি চিঠিতে আরও উল্লেখ করেন যে পর্যাপ্ত পরিকল্পনা, সঠিক নির্দেশিকা ও প্রশিক্ষণের অভাবে পুরো প্রক্রিয়া শুরুর দিন থেকেই গন্ডগোলের। নির্দিষ্ট সময়সূচি না-থাকায় আধিকারিকদের সঙ্গে ভোটারদের যোগাযোগ কার্যত অসম্ভব হয়ে উঠছে। BLO-দের অনেকেই শিক্ষক ও ফ্রন্টলাইন কর্মী হওয়ায় দ্বিগুণ দায়িত্ব সামলাতে হচ্ছে। পাশাপাশি, সার্ভার সমস্যায় অনলাইন ফর্ম পূরণে জটিলতা, ডেটা মিসম্যাচসহ প্রযুক্তিগত ত্রুটিগুলিও কাজকে আরও কঠিন করে তুলেছে।

মুখ্যমন্ত্রীর আশঙ্কা ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য আপলোড করা সম্ভব না (Mamata Banerjee’s letter to Gyanesh Kumar)
মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে জানান, এই অবস্থায় ৪ ডিসেম্বরের মধ্যে সঠিকভাবে সমস্ত তথ্য আপলোড করা সম্ভব হবে না।চিঠিতে তিনি জলপাইগুড়ির মাল এলাকায় এক আংনওয়াড়ি কর্মীর আত্মহত্যার ঘটনাও উল্লেখ করেন। ওই কর্মী BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অতিরিক্ত SIR-চাপেই ওই কর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর যুক্তি উত্থাপন করে লেখেন, “যে কাজ আগে তিন বছরে হত, তা এখন তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হচ্ছে। মানবিকতা আজ বিলুপ্ত।”
শেষে তিনি কমিশনকে অবিলম্বে SIR বন্ধ করা দাবি জানিয়ে লেখেন, ভয় দেখানো বন্ধ, এবং BLO-দের যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা করা হোক।
