West Bengal SIR
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) দফতর থেকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের ২২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু বা স্থানান্তর হয়নি। এই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (Election Commission of India) সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করার পর সংখ্যাটি নাটকীয়ভাবে কমতে শুরু করে।
বুধবার এই ধরনের বুথের সংখ্যা রাজ্যে ৪৮০টি বলে জানা যায়। বৃহস্পতিবার নতুন পরিসংখ্যানে বলা হলো, রাজ্যে এই মুহূর্তে এমন বুথের সংখ্যা মাত্র সাতটি, যেখানে গত এক বছরে মৃত বা স্থানান্তরিত ভোটারের কোনও হিসাব নেই।
কমিশনের তথ্য অনুযায়ী, এই সাতটি বুথের অবস্থান হল:
| জেলা | বুথের সংখ্য়া |
| জলপাইগুড়ি | ১টি |
| মালদহ | ২টি |
| দক্ষিণ ২৪ পরগণা | ১টি |
| হাওড়া | ১টি |
| পশ্চিম মেদিনীপুর | ১টি |
| পুরুলিয়া | ১টি |

এই বুথগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR- Special Intensive Revision) জন্য বিলি করা সমস্ত এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়েছে এবং যাচাইয়ের পর দেখা গিয়েছে, এখানে কেউ মৃত, স্থানান্তরিত বা নিখোঁজ নেই।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। বুথ স্তরের আধিকারিকেরা (BLO) এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি ও সংগ্রহ করার কাজ প্রায় শেষ করে এনেছেন। বর্তমানে এই ফর্মগুলির তথ্য কমিশনের পোর্টালে আপলোড করা হচ্ছে।
নির্বাচন কমিশন এই গোটা প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে। সংশোধিত সময়সূচি অনুসারে:
পোর্টালে এনুমারেশন ফর্মের তথ্য আপলোড করার শেষ দিন: ১১ ডিসেম্বর।
খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে: ১৬ ডিসেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।
