Bangladesh Election 2026
Bengal Liberty, Dhaka:
ফের উত্তেজনা ছড়াল বাংলাদেশে(Bangladesh Election 2026) । সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংশোধনের দাবিতে রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয় বলে জানা গেছে। সরকারি সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার শাহবাগ এলাকায় জড়ো হয়ে তাঁরা যমুনার দিকে অগ্রসর হতে শুরু করেন।

কী ঘটেছে?(Bangladesh Election 2026)
জানা গিয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচি ছিল। শুক্রবার দুপুর নাগাদ ঢাকার শাহবাগ মোড় এলাকায় আন্দোলনকারীরা যমুনা অভিমুখে এগোতে শুরু করেন।
পুলিশ সূত্রে খবর, মিছিলটি শাহবাগ পার হওয়ার আগেই নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড তৈরি করা হয়। কিন্তু আন্দোলনকারীদের একাংশ এগোতে চাইলে উত্তেজনা ছড়ায় এবং পরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। ভিড় ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয় বলে জানা গেছে। দুপুর প্রায় ১২টার সময় শাহবাগ মোড় এলাকার পুলিশ ও আন্দোলনকারী সরকারি কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ছয়জন সরকারি কর্মচারী আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত হলেন কারা?
আহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছরের জয় দাস, ৩২ বছরের এক কর্মচারী (নাম স্পষ্ট নয়), ৪৫ বছরের আব্দুল হান্নান, ৪০ বছরের আব্দুল আউয়াল, ৩২ বছরের তন্ময়, ৬০ বছরের জাকারিয়া এবং ৪০ বছরের মহম্মদ সিকান্দার। প্রত্যেকেই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

পূর্বের অশান্তির ছায়া(Bangladesh Election 2026)
গত ডিসেম্বর থেকেই বাংলাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে,ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ ওঠে।
এদিকে, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও যমুনা অভিমুখে কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই সময়ও পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে বলে জানা যায়।
ভোটের আগে নতুন করে এই অশান্তি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ এবং দায়-দায়িত্ব নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।


