SIR Voter Verification
Bengal Liberty Desk:
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও SIR প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট (SIR Voter Verification)। তবে SIR বিতর্কে সরাসরি হস্তক্ষেপ না করে শীর্ষ আদালত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটার তালিকা সংক্রান্ত পরবর্তী সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সুজয় পাল। একই সঙ্গে রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানির সময় একাধিক প্রশ্নও তোলে আদালত, এমনকি আবেদন করার কারণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ SIR Voter Verification
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তোলেন, যখন বিচারবিভাগীয় আধিকারিকেরা ইতিমধ্যেই যাচাই প্রক্রিয়ায় কাজ করছেন, তখন এই ধরনের আবেদন কেন করা হল। তিনি স্পষ্ট বলেন, বিচারবিভাগীয় আধিকারিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
এর পরই আদালত জানিয়ে দেয়, ভোটার তালিকা সংক্রান্ত কোনও সিদ্ধান্তের প্রয়োজন হলে তা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছেই উত্থাপন করতে হবে। তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন নির্বাচন কমিশনকে।

এখনও নিষ্পত্তি বাকি লক্ষ লক্ষ ভোটারের তথ্য
মঙ্গলবারের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এখনও প্রায় ৫৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। তবে আদালত জানায়, হাই কোর্টের প্রধান বিচারপতির দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে ১০ লক্ষের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এই যাচাই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ৫০০ এর বেশি বিচারবিভাগীয় আধিকারিক কাজ করছেন। পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও প্রায় ২০০ জন বিচারবিভাগীয় আধিকারিক এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। তাঁদের কাজের সুবিধার জন্য লগইন আইডি তৈরি করা হলেও তাতে প্রযুক্তিগত সমস্যার কথা আদালতে উঠে আসে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত সেই ত্রুটি সংশোধন করা হবে।
ট্রাইবুনাল গঠনের নির্দেশ শীর্ষ আদালতের
শুনানির শেষে সুপ্রিম কোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানায়, ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে। এই ট্রাইবুনালে থাকবেন- একজন প্রাক্তন প্রধান বিচারপতি, হাই কোর্টের ২-৩ জন বিচারপতি। কারা এই ট্রাইবুনালে থাকবেন, তা নির্ধারণ করবেন সুজয় পাল। বিচারবিভাগীয় কাজ সংক্রান্ত যে কোনও আপত্তি বা আবেদন এই ট্রাইবুনালেই জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক
এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, বৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই বাদ না পড়ে, সে জন্য ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা প্রয়োজন। তবে শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও থাকবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির উপর।
শুনানির শেষে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। আজ যে রিপোর্ট এসেছে, তা অনুযায়ী ১০ লক্ষের বেশি মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কমিশন ধারাবাহিক ভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করে যাবে। সেই নির্দেশ মানা হয়নি। সেই তালিকা প্রকাশ করার আবেদন ছিল। সুপ্রিম কোর্ট আমাদের বলেছে, এ বিষয়ে অবিলম্বে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করতে। তিনি বিষয়টি দেখবেন এবং নির্দেশ দেবেন। তাঁর দেওয়া নির্দেশ পালন করতে হবে কমিশনকে।”
