BJP Brigade rally
Bengal Liberty Desk, ১৪ মার্চ :
আজ, শনিবার অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ব্রিগেড (BJP Brigade rally)। কিন্তু সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে। ব্রিগেডমুখী বিজেপি সমর্থকদের একটি বাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের পাতলি এলাকায়।

বাস লক্ষ্য করে হামলার অভিযোগ BJP Brigade rally
ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়া বিজেপি সমর্থকদের বাসের পথ আটকায় কয়েকজন তৃণমূল কর্মী। বাসের চালকের দাবি, প্রথমে তাঁদের জানানো হয় যে রাস্তা বন্ধ রয়েছে এবং গাড়ি ঘুরিয়ে নিতে হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
চালকের অভিযোগ অনুযায়ী, হঠাৎই পিছন দিক থেকে বাসে হামলা শুরু হয়। বাসের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং এলোপাথাড়ি ইট ছোড়া হয়। শুধু তাই নয়, গাড়ির দরজা ও শাটার ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয় বলে দাবি করেছেন বাসের চালক। প্রাণভয়ে শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন তিনি।

ঘটনা প্রসঙ্গে বিজেপির তীব্র প্রতিক্রিয়া
ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভাকে কেন্দ্র করে শাসক দল আতঙ্কিত হয়ে পড়েছে। শঙ্কর ঘোষের কথায়, “আজ ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। লক্ষাধিক মানুষ সেখানে উপস্থিত হবেন। এই জনসমর্থন দেখে তৃণমূল ভয় পেয়েছে। তাই নানা ভাবে মানুষকে ব্রিগেডে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, তৃণমূল ভালোবাসা দিয়ে নয়, বরং ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু এই ধরনের হামলা বা ভীতি প্রদর্শন করে ব্রিগেডমুখী মানুষকে আটকানো যাবে না।
বিজেপির অভিযোগ, ব্রিগেড সমাবেশকে ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তারই প্রতিফলন এই ধরনের ঘটনার মধ্যে দেখা যাচ্ছে।
