Voter List Revision Bengal
Bengal Liberty, কলকাতা:
আজ প্রকাশিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (Voter List Revision Bengal)। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খতিয়ান অনুযায়ী, যেভাবে একের পর এক নাম বাদ যাচ্ছে, তাতে মোট ভোটার সংখ্যা হ্রাসের রেকর্ড তৈরি হতে পারে এ রাজ্যে।
কমিশন সূত্রে খবর, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ আবেদনের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে প্রায় ১৩ লক্ষ (৪০ শতাংশ) ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে আরও ২৮ লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। যদি একই হারে নাম বাদ যাওয়ার ধারা বজায় থাকে, তবে আরও ১১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধুমাত্র এই পর্যায়েই বাদ যাওয়া নামের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৪ লক্ষ।

এক নজরে ভোটার সংখ্যার পতন Voter List Revision Bengal
২০২৫ অক্টোবর, রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। ১৬ ডিসেম্বর SIR এর প্রথম খসড়া তালিকা অনুযায়ী একধাক্কায় বাদ পড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম। ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা, সাড়ে ৫ লক্ষ নাম বাদ যায়। যদিও পরে ১ লক্ষ ৮২ হাজার নতুন নাম যুক্ত হয়। আজ, ২৭ মার্চ,প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি প্রক্রিয়া যেখানে আরও ২৪ লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা।
হিসেব অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ থেকে কমে ৬ কোটি ৮০ লক্ষের আশেপাশে নেমে আসতে পারে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ১১ শতাংশেরও বেশি নাম তালিকা থেকে মুছে যেতে পারে। বৃহস্পতিবারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আরও ৪ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে, যার ফলে চূড়ান্ত সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে জল্পনা তুঙ্গে, এখন টানটান উত্তেজনা।

কেন এই গণ-ছাঁটাই?
নির্বাচন কমিশনের দাবি, মৃত ভোটার, দ্বৈত ভোটার এবং এলাকা পরিবর্তন করা ভোটারদের চিহ্নিত করে স্বচ্ছ তালিকা করার উদ্দেশ্যেই এই কঠোর পদক্ষেপ। তবে বিরোধীরা এবং শাসকদল – উভয়পক্ষই এই বিশাল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে সতর্ক নজর রাখছে।
