Fifa World Cup 2030
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমজমাট(Fifa World Cup 2030) প্রতিযোগিতা শেষ হতে না হতেই চার বছর পরের ফিফা বিশ্বকাপ ২০৩০-এর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।গত বিশ্বকাপের মতোই ২০৩০ সালের বিশ্বকাপেও তিনটি যৌথ আয়োজক দেশ থাকছে—মরক্কো, স্পেন ও পর্তুগাল।


এর পাশাপাশি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। কারণ, ১৯৩০ সালে শুরু হওয়া প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবেই দক্ষিণ আমেরিকার এই তিন দেশে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতবর্ষ উদ্যাপনের এই আবহের মধ্যেই ৪৮টি দলের বিশ্বকাপ পার হওয়ার পর এখন ৬৪টি দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ৬৪টি দল মানেই মোট ১২৮টি ম্যাচ। তবে এই নতুন ভাবনাকে ঘিরে বিভিন্ন ফুটবল ফেডারেশন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আসুন দেখে নেওয়া যাক, কারা এই সিদ্ধান্তের পক্ষে আর কারা বিপক্ষে অবস্থান নিয়েছেন।
উয়েফার গরিমা ক্ষতিগ্রস্ত!(Fifa World Cup 2030)
বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান নিয়ামক সংস্থা উয়েফা (UEFA)-র সভাপতি আলেকজান্ডার চেফেরিনের দাবি: “৩২ থেকে বাড়িয়ে ৪৮টি দলের প্রতিযোগিতা করা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের গরিমা নষ্ট করেছে। এরপর যদি ৬৪টি দল অংশগ্রহণ করে, তবে বুঝতে হবে ফিফার বর্তমান সভাপতি শুধুমাত্র টাকার অঙ্কটাকেই বড় করে দেখছেন।”

এই প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, ফুটবল বিশ্বকাপ চার বছরে একবারই অনুষ্ঠিত হয়। তাই আমার মতে, যত বেশি দল অংশগ্রহণ করবে, প্রতিযোগিতার ব্যাপ্তি ও মান ততই বৃদ্ধি পাবে।”
একই বিষয়ে মন্তব্য করতে গিয়ে কনমেবল (CONMEBOL)-এর সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস কটাক্ষ করে বলেন, “৬৪টি দেশেই কেন থামছেন? একদম ১২৮টি দেশকে নিয়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হোক! ধীরে ধীরে ফিফা বিশ্বকাপকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
অন্যদিকে, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট প্যাট্রিস মোতসেপে ফিফাকে সমর্থন জানিয়ে বলেছেন “ফিফার এই নতুন পদক্ষেপ বিশ্বকাপকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমাদের পক্ষ থেকে এতে পূর্ণ সমর্থন রয়েছে। তবে এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের ঐতিহ্য ও সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেটাও খতিয়ে দেখতে হবে।”
সংবাদ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মতো ফুটবল পরাশক্তি মহাদেশগুলির কর্তারা ফিফার সমালোচনা করলেও এশিয়া ও আফ্রিকা কিন্তু এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে। শেষ পর্যন্ত ৪৮টি দলের বিশ্বকাপ বাড়িয়ে সত্যি সত্যিই ৬৪টি দলের করা হলে তা কীভাবে পরিচালিত হবে—ঐতিহ্যগত গ্রুপ পর্বের মাধ্যমে, নাকি চ্যাম্পিয়ন্স লিগের আদলে নতুন কোনো ফরম্যাটে—এখন সেটাই দেখার!


