Malda Protest
Bengal Liberty, ২ এপ্রিল :
বুধবারের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে ফের অশান্ত মালদহ (Malda Protest)। এবার ঘটনাস্থল পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি। এই এলাকায় নতুন করে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। রাতের কয়েক ঘণ্টার বিরতির পর আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। টায়ার জ্বালিয়ে আগুন, বাঁশের ব্যারিকেড তুলে পথ আটকে দেওয়া হচ্ছে আবারও। গতকাল, বুধবার বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ঘটনার পুনরাবৃত্তি আটকাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন মালদহ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই দাবিতেই গতকাল বুধবার থেকে লাগাতার চলছে বিক্ষোভ (Malda Protest)।

জেলায় জেলায় ছড়াচ্ছে বিক্ষোভের আঁচ (Malda Protest)
গতকাল, বুধবার সকাল থেকে কালিয়াচক সহ মালদহের একাধিক এলাকায় একই অভিযোগে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুতই বৃহত্তর আকার নেয়। জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে, বিপাকে পড়েন সাধারণ মানুষ থেকে যাত্রীবাহী যানবাহন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিচারবিভাগীয় আধিকারিকদেরও ঘেরাও করে রাখা হয় কয়েক ঘণ্টা। যদিও গভীর রাতে তাঁরা মুক্তি পান। তবু ঘটনার অভিঘাত এখনও স্পষ্ট। বৃহস্পতিবার সকালে কালিয়াচকে আগের রাতের মতো ভিড় না থাকলেও, মানুষের মধ্যে আতঙ্ক ও চাপা ক্ষোভ থেকে গেছে। ঘটনার প্রসঙ্গে এলাকার বাসিন্দারা প্রকাশ্যে মুখ খুলতে অনিচ্ছুক।

কড়া নিরাপত্তায় ঘেরাটোপে মালদহ (Malda Protest)
অশান্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক ও মালদহ-মোথাবাড়ি রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ অংশে বসানো হয়েছে পুলিশ পিকেট। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, যাতে নতুন করে কোথাও অশান্তি ছড়াতে না পারে। সূত্রের খবর, পুলিশের গোয়েন্দা শাখাকেও বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতের সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল সুজাপুর ও মোথাবাড়ি বিধানসভা এলাকা। সেই অভিজ্ঞতা থেকেই প্রশাসন আরও সতর্ক।

আজকেই মমতার সভা মালদহে (Malda Protest)
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা আরও কয়েকগুণ বেড়েছে। এরই মধ্যে পুরাতন মালদহ ব্লকে ফের বিক্ষোভ শুরু হওয়ায় প্রশাসনের উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, অশান্তির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

