NRS Hospital incident
Bengal Liberty, ৩ এপ্রিল ২০২৬ :
রাজ্যের সরকারি হাসপাতালগুলি যেন ধীরে ধীরে মৃত্যুকূপে পরিণত হচ্ছে। আরজিকর হাসপাতালের ভয়ঙ্কর লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী রাজনৈতিক মহল ইতিমধ্যেই সরব হয়েছে। এরই মধ্যে আবারও সরকারি হাসপাতালে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটলো রাজ্যের ঐতিহাসিক নীল রতন সরকার হাসপাতালে ওরফে এনআরএস।

প্রাণ হাতে নিয়ে চিকিৎসা :
প্রতিদিন বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন, কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। এনআরএস হাসপাতালের সিসিইউতে হঠাৎ ভেঙে পড়লো ছাদের একটি বড় চাঙড়। ইউএনবি বিল্ডিং-এর ষষ্ঠ তলায় এই ঘটনা ঘটে। চাঙড়টি এতটাই বড় ছিল যে তার ধাক্কায় সিসিইউর পিলার ও দেওয়ালের কিছু অংশ আলাদা হয়ে যায়।
যদিও বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও এই দুর্ঘটনায় রাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কতদিন চলবে এই বেহাল অবস্থা ? সরব হয়েছে সব মহল।

বড় ক্ষতির আশঙ্কা :
মর্মান্তিক এই ঘটনার পর ওই ওয়ার্ডের রোগীদের দ্রুত অন্য কক্ষে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চাঙড় ভেঙে সিসিইউর মেঝেতেও ফাটল ধরেছে।
ঘটনার জেরে এনআরএস হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউতে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। যতদিন না পাবলিক ওয়ার্কশ ডিপার্টমেন্ট ওরফে পিডব্লিউ ডি সম্পূর্ণ মেরামতির কাজ শেষ করছে, ততদিন নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হবে না—এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরকারি হাসপাতালে সাধারণ মানুষ সুস্থ চিকিৎসার আশায় আসেন, কিন্তু পরপর এই ধরনের ঘটনায় নাজেহাল সকলেই।
