BJP complaint EC
Bengal Liberty, ৮ এপ্রিল :
রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে শুরু তৃণমূল-বিজেপি তরজা (BJP complaint EC)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। পূর্ব বর্ধমানের রায়নায় তাঁর ভাষণকে ‘উস্কানিমূলক’ ও ‘প্ররোচনামূলক’ আখ্যা দিয়ে গেরুয়া শিবিরের অভিযোগ, এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলতে পারে এবং হিংসার আবহ তৈরি হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। সেই প্রেক্ষিতেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আর্জি জানিয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিল বিজেপি (BJP complaint EC)।

কী বলেছিলেন অভিষেক (BJP complaint EC)
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের রায়নায় অনুষ্ঠিত জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকেই সামনে এনে অভিযোগ জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ওই সভা থেকে অভিষেক বলেন, “প্রথম দফায় উত্তর দিক থেকে জঙ্গলমহল পর্যন্ত যেখানে যেখানে ভোট হবে, সেখানে বিজেপিকে ভেঙে দাও।” পাশাপাশি দ্বিতীয় দফার ভোটে পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় বিজেপিকে সম্পূর্ণভাবে পরাস্ত করার কথাও বলেন। বিজেপির দাবি অনুযায়ী অভিষেক বলেন, “দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় তাদের ঘাড় ও মেরুদণ্ড ভেঙে বলো ‘বলো হরি, হরি বল, বহিরাগতদের খাটে তোল’ বলে বিদায় করে দেব।” বিজেপির অভিযোগ, এই ধরনের বক্তব্যে রাজনৈতিক ভাষার সীমা লঙ্ঘন করা হয়েছে এবং তা হিংসা উসকে দিতে পারে।

কমিশনের দ্বারস্থ বিজেপি (BJP complaint EC)
নির্বাচন কমিশনের কাছে দায়ের করা অভিযোগপত্রে বিজেপি জানিয়েছে, রায়নার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ভাষা অত্যন্ত প্ররোচনামূলক। তাদের দাবি, এই ধরনের মন্তব্যের মধ্যে শুধু উস্কানিই নয়, বরং একটি প্রচ্ছন্ন হুমকির সুর রয়েছে, যা ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে। বিজেপির মতে এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের পক্ষে মোটেই শুভ নয়।
চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, তাঁর বক্তব্য নিয়েও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্যের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে একটি নির্দিষ্ট বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা রাজ্যের নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে পারে। এছাড়াও, অভিযোগপত্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। বিজেপির বক্তব্য, অতীতের সেই অভিজ্ঞতা থেকেই তারা আশঙ্কা করছে, এই ধরনের মন্তব্য ভবিষ্যতেও অশান্তির পরিবেশ তৈরি করতে পারে।

