Assembly Election 2026 Begins
Bengal Liberty, ৯ এপ্রিল :
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এক নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয়েছে অসম, কেরল এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া (Assembly Election 2026 Begins)। উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত-দেশের রাজনৈতিক মানচিত্রে আজ নজরকাড়া লড়াই। তিন রাজ্যের পাশাপাশি দেশের মোট পাঁচটি বিধানসভা আসনেও আজ উপনির্বাচন চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভাগ্য নির্ধারণের পালা। প্রতিটি বুথে পর্যাপ্ত জল, পাখা এবং ড্রোনের মাধ্যমে নজরদারির মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ৪ মে (Assembly Election 2026 Begins)।

অসম-অনুপ্রবেশ ইস্যুতে হিমন্তর হ্যাটট্রিক বনাম গৌরবের লড়াই (Assembly Election 2026 Begins)
অসমের ১২৬টি বিধানসভা আসনে আজ ভোটযুদ্ধ। এই লড়াই মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবার জয়ের ‘হ্যাটট্রিক’ করতে মরিয়া। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ের ময়দানে রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। এবারের ভোটের প্রচারে প্রধান অস্ত্র ছিল ‘অনুপ্রবেশ’ ইস্যু। বিজেপি যেখানে নথিপত্রহীন অভিবাসীদের বিষয়টি সামনে এনেছে, কংগ্রেসের পালটা অভিযোগ শাসক দল মেরুকরণের রাজনীতি করছে। উত্তর-পূর্বের এই রাজ্যে পদ্ম শিবির নিজেদের গড় রক্ষা করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কেরল-বামেদের সামনে ইতিহাস তৈরির হাতছানি (Assembly Election 2026 Begins)
দক্ষিণের রাজ্য কেরলের ১৪০টি আসনে লড়াই মূলত দ্বিমুখী। ক্ষমতাসীন ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (LDF) এবং কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর (UDF) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবার ধর্মাদম থেকে লড়ছেন। গত নির্বাচনে ৯৭টি আসন জিতে ক্ষমতায় ফিরে বামেরা কেরলের দীর্ঘদিনের ক্ষমতা বদলের প্রথা ভেঙে দিয়েছিল; এবার জিতলে তা হবে এক ঐতিহাসিক হ্যাটট্রিক। এদিকে, গেরুয়া শিবিরের প্রভাব বাড়াতে নেমম আসন থেকে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী রাজীব চন্দ্রশেখর।

পুদুচেরি-এনডিএ বনাম ইন্ডিয়া জোট (Assembly Election 2026 Begins)
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনে লড়াই হচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের (INDIA Bloc) মধ্যে। মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামি এবার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবারের নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয়ের নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)। তাদের উপস্থিতি ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পুদুচেরিতে ২০০-র বেশি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিধানসভা নির্বাচনের পাশাপাশি গোয়ার পণ্ডা, কর্নাটকের বাগলকোট ও দাবানগেরে দক্ষিণ, নাগাল্যান্ডের কোরিদাং এবং ত্রিপুরার ধর্মনগর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান বিধায়কদের প্রয়াণে এই আসনগুলি শূন্য হয়েছিল। সব মিলিয়ে আজ ৩ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
