Weather Alert
Bengal Liberty, ১৭ এপ্রিল :
দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও স্বস্তি নেই, বরং আর্দ্রতার দাপটে বাড়ছে অস্বস্তি (Weather update)। আকাশে আংশিক মেঘলা ভাব, আর বিকেলের পর থেকেই কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সম্ভাবনায় অস্থির আবহাওয়া রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই অস্থিরতার মধ্যেই সপ্তাহান্তে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়ার চরিত্র। কমবে বৃষ্টি, ফের বাড়বে গরমের দাপট (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর থেকেই একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী ২ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে কিছুটা স্বস্তি মিললেও, তারপর ধীরে ধীরে আবার ৩-৪ ডিগ্রি বাড়বে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরমের তীব্রতা। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গে আজও অস্থির আবহাওয়া বজায় থাকবে। সব জেলাতেই বজ্রপাত-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি অনুভূত হবে। শনিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি অঞ্চল ও ডুয়ার্স এলাকায় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে সমতল এলাকায় ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট, বাড়বে শুষ্কতা এবং সেই সঙ্গে বাড়তে পারে গরমের অস্বস্তি।
