Weather Alert
Bengal Liberty, ১ মে:
বৈশাখের শুরুতেই রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল (Weather Alert)। গত ২ দিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে যাওয়ায় গরমের তীব্রতা আপাতত কমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও জোরালো (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দমকা হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সপ্তাহান্তে পরিস্থিতি আরও সক্রিয় হবে। বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি কয়েকটি জেলায় প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার ছুঁতে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে। তবে বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বেশি। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। সোম ও মঙ্গলবার বজ্রপাত-সহ মাঝারি ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। বুধবারও পাঁচ জেলায় বৃষ্টির প্রভাব বেশি থাকবে, যদিও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
