Falta Assembly Re-Poll
Bengal Liberty, ২১ মে :
ফলতা বিধানসভা কেন্দ্রে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন (Falta Assembly Re-Poll)। গত ২৯ এপ্রিলের ভোটে একাধিক অনিয়ম, বুথ দখল, ছাপ্পা ভোট ও ইভিএম কারচুপির অভিযোগ ওঠার পর পুরো বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। সেই ঘটনার পর আজ নতুন করে ভোট দিচ্ছেন প্রায় ২ লক্ষ ২৫ হাজার ভোটার। কমিশনের কড়া নজরদারি ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এদিনের ভোট ঘিরে সকাল থেকেই ফলতায় আছে উৎসবের আবহ। প্রতিতে বুথে দেখা যাচ্ছে লম্বা লাইন। ভয়মুক্ত এবং আতঙ্কমুক্ত হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা (Falta Assembly Re-Poll)।

কড়া নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ (Falta Assembly Re-Poll)
সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৬টা পর্যন্ত। ফলতা বিধানসভা কেন্দ্রের মোট ২৮৫টি বুথেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের ভিতরে ও বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা রয়েছে। গত ভোটের তিক্ত অভিজ্ঞতার পর এবার কমিশন কোনও ঝুঁকি নিতে নারাজ। ভোটারদের অভিযোগ ছিল, আগের ভোটে বহু জায়গায় সাধারণ মানুষ ভয় পেয়ে ভোট দিতে পারেননি। তবে আজ সকাল থেকেই একাধিক বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেকের মুখেই ছিল স্বস্তির ছাপ।

বদলে যাওয়া সমীকরণে জমজমাট লড়াই (Falta Assembly Re-Poll)
এবারের পুনর্নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ও সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মির মধ্যে। কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রজ্জাক। তবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিলের ভোটে বুথ দখল, ইভিএমে টেপ লাগানো, ছাপ্পা ভোট এবং সিসিটিভি রেকর্ডিং না থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই কমিশন পুরো ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। এদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী ২৪ মে হবে ভোট গণনা।
