Weather Update
Bengal Liberty, ১ জুন:
গত কয়েকদিনের কালবৈশাখী ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বাংলার বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না (Weather Update)। জুন মাসের শুরু থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ফলে ফের বাড়তে চলেছে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। যদিও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও তা সামগ্রিকভাবে গরমের দাপট কমাতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহ বা লু-এর মতো পরিস্থিতির আশঙ্কা নেই (Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, কলকাতার আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিদর্ভের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত আরেকটি ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটিও এই অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গেও আজ, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বড় ধরনের কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। ফলে অধিকাংশ এলাকায় গরম ও আর্দ্রতার প্রভাব বজায় থাকবে।
জুনের প্রথম দিনেই বাংলার আবহাওয়ার ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি থাকলেও সামগ্রিকভাবে বৃষ্টির ঘাটতি এবং আর্দ্রতার প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে অস্বস্তিকর গরম বাড়তে পারে। ফলে আগামী কয়েকদিন ফের ঘামঝরানো আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে।


