Krishnanagar bucket scam
Bengal Liberty , ২ জুন: ময়লার গাড়ি ও ত্রাণ চুরির বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সরকারি বালতি চুরির অভিযোগে উত্তাল হলো নদিয়ার কৃষ্ণনগরের ভাতজাংলা এলাকা। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তাঁর বাবা চৈতন্য অধিকারীর বিরুদ্ধে শতাধিক সরকারি বালতি লুকিয়ে রাখার অভিযোগে নতুন কালিপুর এলাকায় রাতভর ব্যাপক গণবিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
ঠান্ডা পানীয়ের আড়ালে লুকানো ছিল বালতি (Krishnanagar bucket scam)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩-৪ বছর আগে ভাতজাংলা পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি ময়লা ফেলার জন্য এই বালতিগুলি দেওয়া হয়েছিল। অভিযোগ, শাসকদলের একাংশ সাধারণ মানুষের ওপর রাজনৈতিক পক্ষপাতিত্ব করে, বিশেষ করে বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি বালতি না দিয়ে সেগুলি নিজেদের হেফাজতে রেখে দেয়।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে উত্তেজিত জনতা পঞ্চায়েত সদস্যের বাবার একটি গোডাউনে হানা দেয়। সেখানে দেখা যায়, ঠান্ডা পানীয়ের কন্টেনারের আড়ালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা রয়েছে রাশি রাশি সরকারি বালতি।

থানায় ও বিধায়কের কাছে লিখিত অভিযোগ (Krishnanagar bucket scam)
বিক্ষোভকারীদের দাবি, এটি সরাসরি সরকারি সম্পত্তি লোপাট ও চুরির জলজ্যান্ত প্রমাণ। এই এলাকায় শাসকদলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার রাজনৈতিক সন্ত্রাস ও হুমকির অভিযোগ উঠেছে। সরকারি প্রকল্প নিয়ে এই বেনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা ইতিমধ্যেই স্থানীয় থানার আইসি এবং এলাকার বিধায়ককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে কালিপুর ভাতজাংলা এলাকায় চরম উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

