Saokat Molla
Bengal Liberty, ৪ জুন :
বিজেপি সরকার আসার পর থেকে ছোটো বড় একাধিক তৃণমূল নেতার স্থান হয়েছে গারোদের ওপারে। এবার নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। ভোট-পরবর্তী হিংসা ও ভাঙড়ে বিস্ফোরণ মামলার তদন্তে তৃণমূল নেতা শওকত মোল্লার খোঁজে ক্যানিংয়ে পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায় শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএ-র বিশেষ দল। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তবে বাড়িতে পৌঁছে শওকত মোল্লার খোঁজ মেলেনি বলে সূত্রের দাবি। তদন্তের স্বার্থে তাঁর ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতেও চলছে তল্লাশি। ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে (Saokat Molla)।

জিজ্ঞাসাবাদের জন্য আটক ছেলে (Saokat Molla)
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই এনআইএ-র দুটি পৃথক দল জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। শওকত মোল্লা কোথায় রয়েছেন, তা নিয়েও বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বর্তমানে বাড়িতে নেই। এরপর তদন্তের স্বার্থে তাঁর ছেলে ইমরান মোল্লাকে এনআইএ-র গাড়িতে তুলে নিয়ে যায় জাতীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শওকত মোল্লার হোটেল সহ তাঁর ব্যবহৃত একাধিক জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। শওকত মোল্লার ছেলের নদীর পাড়ের আলিশান রেস্তোঁরাতেও তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। ভোট-পরবর্তী হিংসা এবং বিস্ফোরণ সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে এনআইএ সূত্রে খবর। ঘটনায় ক্যানিং-সহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


