Bangladesh Border
Bengal Liberty : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। কোচবিহারের শীতলকুচি এবং মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই জায়গাতেই বেশ কিছু বাংলাদেশি নাগরিক জিরো পয়েন্টে জড়ো হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। বিএসএফ জওয়ানরা তাঁদের কাঁটাতারের ওপারেই আটকে দিয়েছেন।

দুই ব্লকেই কড়া নজরদারি (Bangladesh Border)
স্থানীয় গ্রামবাসীদের দাবি, শীতলকুচি ব্লকের সাঙ্গার বাড়ি এলাকায় ১১ থেকে ১২ জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লকের পানিশালা এলাকাতেও ১০-১২ জন বাংলাদেশি একভাবে জমায়েত করেন। দুই সীমান্তেই বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছেন। কোনওভাবেই যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য সীমান্ত জুড়ে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিধায়কের বক্তব্য (Bangladesh Border)
এই ঘটনা নিয়ে মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় জানান, পানিশালা এলাকায় কিছু বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। বিএসএফ তাদের আটকে দিয়েছে। ধৃতদের একাংশ দাবি করছে তারা ভারতেই ছিল এবং এখন দেশে ফিরছে। তবে বিধায়ক স্পষ্ট জানান, এমন কোনও বিষয় নেই। তারা বাংলাদেশ থেকেই ভারতে ঢোকার চেষ্টা করছিল। ঘটনাকে কেন্দ্র করে দুই সীমান্ত এলাকাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

