Ration Scam
Bengal Liberty:
উত্তর দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী সরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (North Dum Dum Municipality)। স্থানীয়দের অভিযোগ, পুরসভার গাড়ি ব্যবহার করে ত্রাণসামগ্রী একটি ব্যক্তিগত গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গাড়ি আটকানো হলে সামনে আসে একাধিক প্রশ্ন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। অভিযোগের তির ঘুরে যায় উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাসের দিকে। যদিও গোটা ঘটনায় প্রশাসনের তরফে এখনও কোনও ব্যাখ্যা সামনে আসেনি।

কল্পনা ফিশারিজের গোডাউন ঘিরে বিতর্ক
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী কল্পনা ফিশারিজের একটি গোডাউনে মজুত করা হয়েছিল, যা পুরপ্রধান বিধান বিশ্বাসের মায়ের নামে পরিচালিত বলে অভিযোগ। বাসিন্দাদের আরও দাবি, এর আগেও তিনটি গাড়িতে করে মালপত্র সরিয়ে নেওয়া হয়েছে। চতুর্থ গাড়িটি বেরোনোর সময় স্থানীয়রা সেটি আটকান এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুরসভার সম্পত্তি বা ত্রাণসামগ্রী যদি বৈধভাবেই স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে তা এতদিন একটি ব্যক্তিগত গোডাউনে কেন রাখা হয়েছিল? বিজেপি কর্মী-সমর্থকদেরও অভিযোগ, সরকারি সামগ্রী ব্যক্তিগত জায়গায় মজুত রাখার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।অন্যদিকে, স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পুরপ্রধানকে ঘিরে ক্ষোভ জমা ছিল। বিভিন্ন বিষয়ে বাসিন্দাদের উপর চাপ সৃষ্টি এবং প্রভাব খাটানোর অভিযোগও তোলেন কয়েকজন বিক্ষোভকারী।

