Saokat Molla
Bengal Liberty, ৫ জুন :
প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে (Saokat Molla)। তাঁর খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চুনাখালি এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলেকে আটক করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, নদীপথ ব্যবহার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন শওকত। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও সতর্কতার জেরে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি বলেই সূত্রের দাবি। বর্তমানে তাঁর সন্ধানে একাধিক দল তল্লাশি চালাচ্ছে (Saokat Molla)।

সীমান্ত পেরিয়ে পালানোর ছক শওকতের (Saokat Molla)
স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার বারুইপুর এলাকা থেকে লাল জামা পরিহিত শওকত মোল্লাকে একটি মোটরবাইকে চেপে বাসন্তীর দিকে যেতে দেখা যায়। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, খেয়াঘাট পেরিয়ে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া হয়ে বাংলাদেশ সীমান্তের দিকে পালানোর পরিকল্পনা ছিল তাঁর। এদিকে খেয়াঘাট সংলগ্ন এলাকায় চারজনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন। পরিস্থিতি বিবেচনা করে তাঁরা ব্যারিকেড তৈরি করে ওই দলটিকে আটকানোরও চেষ্টা করেন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে এনআইএ-এর বিশেষ দল ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে। শওকত মোল্লার সম্ভাব্য আত্মগোপনের স্থানগুলিকে চিহ্নিত করে একের পর এক বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, নদী পেরিয়ে করাকাঠি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার পর রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন শওকত। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।


