Uttam Barik
Bengal Liberty, পূর্ব মেদিনীপুর , ৫ জুন ২০২৬ :রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের(Uttam Barik) অন্দরমহলে ভাঙনের সুর আরও স্পষ্ট হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেরানিতোলায় ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।
শুভেন্দু ঘনিষ্ঠ(Uttam Barik)
এক সময় পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে উত্তম বারিককে শুভেন্দু ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই দেখা হত। কংগ্রেস ছেড়ে তাঁকে তৃণমূলে নিয়ে আসার ক্ষেত্রে শুভেন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর উত্তম বারিক দল পরিবর্তন না করে তৃণমূলেই থেকে যান।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি। পরে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাফল্যের পর তাঁকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দুর বিকল্প মুখ হিসেবে উত্তমকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।
বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি জেলা রাজনীতির বিভিন্ন গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েন। কখনও অখিল গিরি, কখনও অমিয়কান্তি ভট্টাচার্যের সঙ্গে মতবিরোধ এবং সংগঠনগত দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ফলে জেলা সংগঠনে তাঁর প্রভাব ক্রমশ কমতে থাকে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
পর পর হার(Uttam Barik)
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন উত্তম। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র পটাশপুর ছেড়ে চণ্ডীপুর থেকে প্রার্থী হলেও জয়ের মুখ দেখতে পারেননি। নির্বাচনে তাঁর পরাজয় রাজনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়।উত্তম বলেন, “জনগণের রায় মাথা পেতে নিতে হবে। তাই পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত। অনেক দিন ধরেই মানসিক ভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।”

গত ৪ মে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের একাংশের পদত্যাগের ঘটনা সামনে আসছে। সেই ধারাবাহিকতায় এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকেও সরে দাঁড়ালেন উত্তম।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা আসনেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছেন। জেলার এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই উত্তমের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর এই সিদ্ধান্ত আগামী দিনে জেলার তৃণমূল সংগঠনের উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

আরো পড়ুন:- Soham Chakraborty: আর্থিক প্রতারণায় নাম জড়ালো নায়কের

