INDIA Alliance Meeting
Bengal Liberty: আগামী সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। তার আগে জোটের অন্যতম শরিক সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি পাঠিয়ে একাধিক রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। সেই চিঠিকে কেন্দ্র করে বিরোধী শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
চিঠিতে এম এ বেবি কেরলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। কেরল বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতৃত্বের একাংশ বারবার অভিযোগ করেছিল যে সিপিআই(এম) এবং বিজেপির মধ্যে নেপথ্যে সমঝোতা রয়েছে। একই সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার অভিযোগও তুলেছিল কংগ্রেস। সেই অভিযোগগুলির ভিত্তি কী এবং বর্তমানে কংগ্রেস সেই অবস্থানে অনড় রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

জোটের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে প্রশ্ন (INDIA Alliance Meeting)
এছাড়াও পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় কেরল কংগ্রেসের ভূমিকা এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআই(এম)। জোটের অংশীদারদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ তোলা হলে বিরোধী ঐক্যের বার্তা দুর্বল হয় বলেও চিঠিতে ইঙ্গিত করা হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে দক্ষিণ ভারতের রাজনীতিতেও ইন্ডি জোটের শরিকদের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিত মিলছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র প্রতি কংগ্রেসের সমর্থনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে ডিএমকে। রাজনৈতিক মহলে আলোচনা, সেই অসন্তোষের জেরেই ডিএমকে নেতৃত্ব জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে। দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই স্বাধীন রাজনৈতিক অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে।
Soakat Molla: শওকতের গ্রেফতারিতে ISF কর্মীদের নাচ@MamataOfficial @abhishekaitc @AITCofficial @ISFmessage @bengalliberty1 #westbengal #westbengalcm #westbengalnews #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal #naushadsiddiqui #ISF #bengalliberty #saokatmolla pic.twitter.com/0aVmPYh5va
— Bengal Liberty (@bengalliberty1) June 6, 2026

জোট রাজনীতিতে নতুন টানাপোড়েন (INDIA Alliance Meeting)
অন্যদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসও জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ইন্ডি জোটের উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেও বিরোধী জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে দিল্লির বৈঠকের আগে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতভেদ ও পারস্পরিক অবিশ্বাস সামনে চলে এসেছে। সোমবারের বৈঠকে এই বিতর্কগুলির কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

