Ind Vs Afg Test Match
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও চালকের আসনে(Ind Vs Afg Test Match) শুভমন গিলরা। এদিন খেলার শুরুতেই ভারত অধিনায়ক শুভমন গিল ব্যক্তিগত ১২৬ রানে আউট হয়ে যান। এরপর তরুণ ব্যাটার ধ্রুব জুরেল কিছু আকর্ষণীয় শট খেললেও, বড় রান না পেয়ে দ্রুতই উইকেট হারিয়ে বসেন। তার কিছুক্ষণ পরেই সহ-অধিনায়ক ঋষভ পন্থ ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন; আরও একবার শতরান হাতছাড়া হলো এই উইকেটরক্ষক-ব্যাটারের।
এক সময় মনে হচ্ছিল ভারত অনায়াসেই ৬০০ রানের গণ্ডি পেরিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের কার্যকর অর্ধশতরানের ওপর ভর করে ভারত ৮ উইকেটে ৫৬৪ রান তোলার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক গিল। এই পিচে যেখানে গিলের ৩০০ বা পন্থের ২০০ রান করা উচিত ছিল, সেখানে আফগান বোলারদের মধ্যে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন মহম্মদ সাফি। তিনি ১৪০ রান খরচ করে একাই ভারতের ৬টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
আরো পড়ুন:- TMC Leader Left: নির্বাচনে ভরাডুবির জের! ফেসবুকে পোস্ট করে তৃণমূল ছাড়লেন নেত্রী রুনা খাতুন

অভিষেক ম্যাচেই বাজিমাত(Ind Vs Afg Test Match)
জবাবে বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট নিয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখালেন তরুণ বাঁ-হাতি স্পিনার মানব সুথার। তাঁর প্রতিটি বলই ছিল দেখার মতো; অত্যন্ত শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত লাইনে বোলিং করেছেন মানব। তৃতীয় দিনে তাঁর সামনে ফাইফার (৫ উইকেট) নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
আফগান শিবিরে একমাত্র রহমত শাহ । কিছুটা লড়াই করে ৪৩ রান করেন। দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। খেলার যা পরিস্থিতি, তাতে ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়ানো প্রায় অসম্ভব। এখন দেখার, তৃতীয় দিনে আফগানরা কোনো অলৌকিক চমক দেখাতে পারে, নাকি ভারত ম্যাচটি নিজেদের পকেটে পুরে নেয় ।


