Trinamool Bhaban
Bengal Liberty:
ক্ষমতা ধরে রাখলেও এবার অস্থায়ী কার্যালয় নিয়ে আইনি জটিলতায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Bhaban)। বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকার অস্থায়ী ‘তৃণমূল ভবন’-এর মালিকানা বুঝে নিতে সশরীরে হাজির হলেন বাড়ির মালিক মন্টু সাহা ও তাঁর ছেলে অমিত সাহা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দলের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের বিভিন্ন মেগা অনুষ্ঠানের নেপথ্যের এই কারিগর। নিজের মালিকানাধীন বাড়িটি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।

রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মন্টু সাহা (মনোতোষ সাহা) মেট্রোপলিটন এলাকায় তৃণমূলের বর্তমান সদর দফতরে এসে উপস্থিত হন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তপসিয়ার পুরনো তৃণমূল ভবনটি ভেঙে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়। সেই সময় সাময়িকভাবে দলের প্রধান কার্যালয়টি স্থানান্তরিত করা হয়েছিল বাইপাসের ধারে মেট্রোপলিটনের এই বহুতলে। সেই বাড়িটিরই মালিক মনোতোষ সাহা ওরফে মন্টু। তাঁর দাবি, চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালে। দীর্ঘদিন আগে মেয়াদ ফুরিয়ে গেলেও তৃণমূল বাড়িটি খালি করছে না বলে অভিযোগ তাঁর।

ছাদহীন হওয়ার আশঙ্কায় কার্যালয়
প্রসঙ্গত, তৃণমূল জমানায় দলের প্রতিটি বড় ইভেন্টের নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন ‘মডার্ন ডেকোরেটরস’-এর মালিক মন্টু সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। তৃণমূলের সমস্ত বড় অনুষ্ঠানের মঞ্চ ও সাজসজ্জার দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এবার নিজের বাড়ির দখল নিতে ছেলে অমিতকে সঙ্গে নিয়ে হাজির হন অস্থায়ী তৃণমূল ভবনে। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষোভ উগরে দিয়ে মন্টুবাবু অভিযোগ করেন, “আমাদের সাথে কেউ দেখা করতে আসেননি, কেউ ফোনও ধরছেন না।” সময়মতো বাড়ি খালি না হওয়ায় এবার সরাসরি থানায় অভিযোগ জানানোর কথা ভাবছেন তিনি।

সবমিলিয়ে, তপসিয়ার মূল ভবন তৈরির কাজ চলায় মেট্রোপলিটনের এই আশ্রয়টুকুও এবার হারাতে পারে শাসকদল। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের হলে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

