Dipsita Dhar
Bengal Liberty, ৮ জুন :
রাজনীতির লড়াইয়ে এখন অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া। আর সেখানেই ভুয়ো ভিডিয়োর ফাঁদে পড়ে বিপাকে সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, একটি বক্তৃতার ভিডিয়ো কেটেকুটে বিকৃত করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। এই উস্কানির জেরে তাঁর ওপর যে কোনও সময় বড়সড় হামলা হতে পারে বলে আতঙ্কিত নেত্রী। পুলিশের কাছে ছুটেও কোনও সাহায্য না মেলায়, শেষমেশ কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন তিনি।

আদালতের দ্বারস্থ বাম নেত্রী
সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি তুলে ধরেন দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার। তিনি আদালতে পরিষ্কার জানান, সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে করে তাঁর মক্কেলের বক্তৃতার ভিডিয়ো এমনভাবে ছড়ানো হচ্ছে, যার জেরে তিনি যে কোনও দিন আক্রান্ত হতে পারেন। সব শুনে পরিস্থিতি বিচার করে বিচারপতি এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত জানিয়েছে, নিয়ম মেনেই এই মামলার শুনানি হবে।

আতঙ্কিত দীপ্সিতা
সদ্যসমাপ্ত নির্বাচনে দমদম উত্তর কেন্দ্রের বাম প্রার্থী ছিলেন দীপ্সিতা। তাঁর দাবি, সম্প্রতি ৪৫ মিনিটের একটি বক্তৃতার মাত্র কয়েক সেকেন্ড কেটে নিয়ে বিকৃতভাবে প্রচার করা শুরু হয়। গত ৪ জুন নিমতা থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ কার্যত হাত গুটিয়ে বসে আছে বলে তার অভিযোগ। এর মধ্যেই তাঁর ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এলাকায়। চরম নিরাপত্তাহীনতায় ভোগা দীপ্সিতার সাফ কথা, “আজ পোস্টার পুড়ছে, কে বলতে পারে কাল এর চেয়েও বড় কিছু হবে না!”

