Sonam Wangchuk
Bengal Liberty
ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষায় দুর্নীতি, নিট প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। টানা ২৬ দিনের অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। তবে এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক।

অনশন ভাঙা নিয়ে বিতর্ক
অনেকের প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হওয়ার আগেই কেন অনশন প্রত্যাহার করলেন সোনম? কেউ কেউ কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর ‘সমঝোতা’ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। এই সমস্ত সমালোচনার জবাব দিতেই হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় সোনম জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই বহু মানুষ তাঁকে ফোন করে কিংবা সরাসরি দেখা করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্যের কথা জানিয়েছেন। বিশেষ করে কেন কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে তিনি অনশন ভাঙলেন এবং কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকলেন না – এই প্রশ্নই বেশি উঠছে বলে তাঁর দাবি।

অনশন শেষ, আন্দোলন জারি
সমালোচনার জবাবে সোনম বলেন, “যদি সত্যিই কোনও বোঝাপড়া করার ইচ্ছা থাকত, তাহলে কি ২৬ দিন অনশন করতাম? আপনারা তো দেখেছেন, অনেকে অন্যভাবে সমঝোতা করেন। আমি চাইলে আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেই তা করতে পারতাম। দিল্লির তীব্র গরমে রাস্তার ধারে না-খেয়ে বসে থাকার প্রয়োজন হতো না।” একই সঙ্গে কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও নিজেদের আন্দোলন থেকে একচুলও সরেনি সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে তাদের অবস্থান-বিক্ষোভ এখনও চলছে। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এরই মধ্যে কেন্দ্রের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সেখানে প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সোনমের অনশন ভাঙার সিদ্ধান্ত প্রসঙ্গে আশুতোষ রাঙ্কা বলেন, তাঁর স্বাস্থ্যের অবনতির আশঙ্কায় সংগঠনের পক্ষ থেকেও একাধিকবার অনশন শেষ করার অনুরোধ জানানো হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেন, সোনমের অনশন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে আন্দোলনের মূল দাবি বা অবস্থানের কোনও সম্পর্ক নেই।

