Alipore Fire
Bengal Liberty, ১০ জুন :
বুধবার সকালে কলকাতার আলিপুরে জেলা পরিষদের বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Alipore Fire)। অফিস চলাকালীন সময়ে হঠাৎ আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মী ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে কোনও প্রাণহানির খবর না মিললেও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে (Alipore Fire)।

চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত (Alipore Fire)
দমকল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার জেলা পরিষদ ভবনের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর খুব অল্প সময়ের মধ্যেই আগুন পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চতুর্থ তলায় থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে প্রবেশ করা এবং সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দমকলকর্মীরা ভবনের জানলার কাচ ভেঙে বাইরে থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তাপ এতটাই বেশি ছিল যে একের পর এক জানলার কাচ ও এসির বাইরের অংশ ভেঙে নিচে পড়তে থাকে। এছাড়া ভবনের উপরের তলাগুলিতে চলছিল রংয়ের কাজ। সেখানে আটকে পড়া রংমিস্ত্রিদের দড়ির সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনেন দমকলকর্মীরা।

গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা (Alipore Fire)
দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে অন্তত ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে ভবনটি সংকীর্ণ জায়গায় অবস্থিত হওয়ায় এবং চারপাশে বড় বড় গাছ না থাকায় মই ব্যবহার করে আগুন নেভানোর কাজে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে। কালো ধোঁয়া ও প্রচণ্ড তাপের কারণেও উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবন এবং সংলগ্ন সরকারি দফতরগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলকর্মীদের নিরাপদে কাজ করার জন্য অক্সিজেন সিলিন্ডার ও বিশেষ ব্রিদিং মেশিনও আনা হয়েছে। প্রাথমিকভাবে কোনও প্রাণহানির খবর না থাকলেও আগুনের উৎসস্থলে জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি থাকায় সেগুলি ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও দমকলের নিরন্তর চেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আনার কাজ চলছে।



