Rishra
Bengal Liberty, ১৫ জুন :
রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা সরকারি স্কুলব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Rishra )। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর একাধিক স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। ব্যাগগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কীভাবে সেগুলি সেখানে এল, কারা ফেলে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি সামগ্রী সংরক্ষণ ও বণ্টন নিয়ে নতুন করে উঠতে শুরু করেছে প্রশ্ন (Rishra )।

স্কুলব্যাগ উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা (Rishra )
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একাধিক সরকারি স্কুলব্যাগ। বিষয়টি নজরে আসতেই এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা ওই ব্যাগগুলি সেখানে ফেলে রেখে যায়। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
এলাকাবাসীদের একাংশের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পের সামগ্রী বণ্টন ও সংরক্ষণে অনিয়মের অভিযোগ বহুবার সামনে এসেছে। তাঁদের বক্তব্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ত্রিপল, কাপড়, বালতি, ব্যাগ-সহ নানা সরকারি ও ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষাপটে উদ্ধার হওয়া স্কুলব্যাগগুলিকে ঘিরেও নানা প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের অনুমান, তদন্ত বা জবাবদিহির আশঙ্কায় রাতের অন্ধকারে ব্যাগগুলি ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

কিছুদিন আগেই পাওয়া গিয়েছিল সরকারি সাইকেল (Rishra)
উল্লেখ্য, কিছুদিন আগেই রিষড়ার একটি স্কুলে বিপুল সংখ্যক সাইকেল মজুত অবস্থায় থাকার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরকারি স্কুলব্যাগ উদ্ধারের ঘটনায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে এই ঘটনার সঙ্গে কোনও দুর্নীতি বা অনিয়মের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্যাগগুলি কোথা থেকে এসেছে, সেগুলি কোন প্রকল্পের আওতায় ছিল এবং কীভাবে রাস্তায় এসে পৌঁছল, তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ। তবে ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে।


