Abhisekh Banerjee
Bengal Liberty :
স্বস্তি নেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। উত্তরোত্তর বাড়ছে তদন্তকারী সংস্থাগুলির চাপ। বৃহস্পতিবার ভবানী ভবনে সাড়ে পাঁচ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ২৪ ঘণ্টাও পেরোয়নি, এর মধ্যেই পরপর তিনটি পৃথক মামলায় তাঁকে তলব করা হয়েছে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নোটিস ঘিরে আগামী তিন দিন কার্যত তদন্তের ব্যস্ত সূচির মধ্যেই কাটতে চলেছে ডায়মন্ড হারবারের সাংসদের।

১৪, ১৫ ও ১৬ জুন টানা তিন দিন তলব Abhisekh Banerjee
গোয়েন্দা সূত্রের খবর, বিধানসভার সই জালিয়াতি মামলায় আগামী ১৪ জুন ভবানী ভবনে দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মামলায় এর আগেও তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের জন্য ফের তাঁকে জেরা করা প্রয়োজন। এরপর ১৫ জুন প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই মামলায় আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট কিছু তথ্য নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

এরই মধ্যে শুক্রবার সামনে আসে আরও একটি নোটিসের খবর। নির্বাচনী জনসভায় ‘ডিজে বাজানো’ নিয়ে করা একটি বক্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আগামী ১৬ জুন হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। অভিযোগ, ওই বক্তব্যে প্রচ্ছন্ন হুমকির ইঙ্গিত ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছে। অর্থাৎ ১৪, ১৫ এবং ১৬ জুন টানা তিন দিন তিনটি পৃথক মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন, অন্যদিকে ক্রমাগত তদন্ত ও জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে আগামী কয়েক দিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের জন্য অত্যন্ত হেকটিক হতে চলেছে।


