Abhishek Banerjee
Bengal Liberty, ১৬ জুন :
সোমবার সকালেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, তাঁর সম্পত্তি ও বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্কিত একাধিক নথি জমা দেওয়ার জন্য অভিষেকের কাছে নতুন করে তথ্য চেয়েছে তদন্তকারী সংস্থা। আইনজীবী বা অন্য কোনও প্রতিনিধির মাধ্যমেও এই নথি পাঠানো যেতে পারে বলে জানানো হয়েছে। যদিও এর আগে কিছু নথি জমা দেওয়া হলেও, তদন্তের স্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কাগজপত্রের প্রয়োজন বলে মনে করছে ইডি। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলেও তদন্তকারী মহলের দাবি। আপাতত নতুন সমন জারি না হলেও, ভবিষ্যতে অভিষেককে ফের তলব করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা (Abhishek Banerjee)।

শেয়ার ট্রেডিং ও অর্থের উৎস নিয়ে জেরা অভিষেককে (Abhishek Banerjee)
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সোমবার সকালেই ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। সূত্রের খবর, তাঁর সঙ্গে যুক্ত সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন, শেয়ার ট্রেডিং এবং অর্থের উৎস নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়িক কার্যকলাপ নয়, শেয়ার কেনাবেচার কাজও হতো। তদন্তকারীদের সন্দেহ, বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ এক সংস্থা থেকে অন্য সংস্থায় স্থানান্তর করা হয়েছে। সেই লেনদেনের প্রকৃতি এবং অর্থের উৎস সম্পর্কেই বিস্তারিত জানতে চাওয়া হয় অভিষেকের কাছে।
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক নেতা-মন্ত্রী ও জনপ্রতিনিধির নাম উঠে আসার পর লিপস অ্যান্ড বাউন্ডসও তদন্তের আওতায় আসে। একসময় এই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার সময় তিনি ডিরেক্টর পদ ছেড়ে সংস্থার সিইও হিসেবে দায়িত্ব নেন। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অর্থের কোনও অংশ এই সংস্থার মাধ্যমে ঘুরপথে লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র নামও উঠে এসেছে তদন্তে। ফলে সংস্থার আর্থিক কার্যকলাপ, শেয়ার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং লেনদেনের পরিমাণ নিয়ে আরও তথ্য সংগ্রহে জোর দিচ্ছে ইডি।



