Abhishek Banerjee
Bengal Liberty, ১৬ জুন :
মাটিটাও ছাড়ল না অভিষেক? কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি থেকে ত্রাণ সামগ্রী বণ্টনে অনিয়মের অভিযোগ, একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার তাঁর বিরুদ্ধে উঠল আরও এক গুরুতর অভিযোগ। প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে থানার দ্বারস্থ হল বিজেপি। শুধু অভিষেক নন, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের সমর্থনে স্যাটেলাইট ছবিও জমা দিয়েছেন অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি (Abhishek Banerjee)।

৩০০ কোটির মাটি কেলেঙ্কারির অভিযোগ (Abhishek Banerjee)
সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। অভিযোগে নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের। বিজেপি নেতার দাবি, ২০১৭ সাল থেকে ধাপে ধাপে এলাকার বিস্তীর্ণ জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালে এই কর্মকাণ্ড আরও বাড়ে। তাঁর অভিযোগ, প্রশাসনের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর তদন্ত হয়নি। ফলে নতুন করে সমস্ত তথ্যপ্রমাণ-সহ থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।

স্যাটেলাইট ছবিতে মিলেছে প্রমাণের দাবি (Abhishek Banerjee)
অভিযোগের স্বপক্ষে থানায় একাধিক স্যাটেলাইট ছবি জমা দিয়েছেন অভিজিৎ বিশ্বাস। তাঁর দাবি, ওই ছবিগুলি থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কোন কোন এলাকা থেকে কতটা মাটি কাটা হয়েছে এবং তার ফলে জমির কী ধরনের ক্ষতি হয়েছে। বিজেপি নেতার অভিযোগ অনুযায়ী, প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে, যার আর্থিক মূল্য ৩০০ কোটিরও বেশি। তাঁর মতে, এই কর্মকাণ্ড শুধু আর্থিক অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ফলে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিক্ষয়, জলধারণ ক্ষমতা হ্রাস এবং কৃষিজমির ক্ষতির মতো একাধিক সমস্যার মুখোমুখি হতে পারেন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, এর আগেও আমফান-পরবর্তী ত্রাণসামগ্রী বণ্টন সংক্রান্ত অনিয়মের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। সেই অভিযোগের জের কাটতে না কাটতেই এবার মাটি চুরি ও অবৈধ মাটি ব্যবসার অভিযোগ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হল দক্ষিণ ২৪ পরগনায়।



