Humayun Kabir TMC
Bengal Liberty, ১৬ জুন:
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা ক্রমশ জোরদার হয়েছে। একের পর এক নেতা, বিধায়ক ও সাংসদের অবস্থান বদলের খবরের মধ্যেই সামনে এল ভিন্ন সুর। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর জানিয়ে দিলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে প্রস্তুত। প্রাক্তন দলনেত্রীর প্রতি সহানুভূতির সুরই শোনা গেল রেজিনগরের বিধায়কের কণ্ঠে।

মমতার পাশে থাকার বার্তা (Humayun Kabir TMC)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবীর। এরপর তিনি ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তবে নির্বাচনের ফল প্রকাশের পর যখন তৃণমূলের একাধিক নেতা-জনপ্রতিনিধির অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে, সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতির বার্তা দিলেন হুমায়ুন।
তিনি বলেন, “প্রয়োজন হলে রেজিনগরের আসন আমি নিজের জন্য রাখব না, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দিতে প্রস্তুত।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হুমায়ুন কবীরের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু করেছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর এই অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


